বুধবার পাঁচ কার্যদিবস এসেও উত্থান প্রবণতায় পার করেছে দেশের উভয় পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বুধবার পাঁচশো কোটি টাকা ছাড়িয়েছে। লেনদেন নিস্পত্তির সময়সীমা টি প্লাস টু চালু করার পর বুধবার ডিএসইতে লেনদেনের পরিমাণ পাঁচশো কোটি টাকা ছাড়াল।  
এদিকে আগের কার্যদিবসগুলোর ধারাবাহিকতায় বুধবারও দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করে। দিনশেষে মূল্য সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেন এবং সূচক বেড়েছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল, বুধবার ডিএসইতে টি প্লাস টু চালু হয়। এর পরদিন থেকে ধারাবাহিকভাবে দুই দিন লেনদেন কমে যায় ডিএসইতে। এরপর একদিন লেনদেন বাড়ে। তবে মঙ্গলবার আবার তা কমে যায়। বুধবার প্রথম টি প্লাস টুয়ের পর পাঁচশো কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৫৪৭ কোটি ৩১ লাখ ৩৬ হাজার টাকা।
মঙ্গলবার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৬৫৯ পয়েন্টে। এ দিন লেনদেন হয় ৩৯১ কোটি ৩২ লাখ ১৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বুধবার ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫৫ কোটি ৯৯ লাখ ২২ হাজার টাকা।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানি হচ্ছে-গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, পদ্মা অয়েল, স্কয়ারফার্মা, সাউথইস্ট ব্যাংক, যমুনা অয়েল এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক
বাজার বিশ্লেষকদের মতে, বুধবার বাজারে বেশিরভাগ ভালো মৌলের শেয়ারের দাম বেড়েছে। এছাড়া ভালো মৌলের শেয়ারগুলো লেনদেনের শীর্ষে থাকা বিশ কোম্পানির তালিকায় রয়েছে। টি প্লাস টুয়ের পরে ভালো শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যায়। এর ছাপ পড়েছে পুরো বাজারের ওপর। তাই লেনদেন ও সূচক বেড়েছে বুধবার।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে বুধবার। সিএসই সার্বিক সূচক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৭৩ পয়েন্টে। এই দিন সিএসইতে লেনদেন হয়েছে ২১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০০টির কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]