বর্তমানে আলোচিত ব্যবসা খাত আউট সোর্সিংকে করের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে বিদেশী বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই)।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে এনবিআরের সাথে প্রাক-বাজেট আলোচনায় এ দাবি জানায় তারা।
প্রস্তাবনা উপস্থাপনায় আব্দুল খালেক বলেন, বিশ্বায়নের সাথে মিল রেখে বাংলাদেশে রাজস্ব বৃদ্ধির জন্য আউট সোর্সিং ব্যবসায় করারোপ করা দরকার। বর্তমান বিশ্বে এ খাত ব্যবসার অন্যতম উপায় হলেও বাংলাদেশের আয়কর অধ্যাদেশে এ বিষয়ে কিছুই বলা নেই। অথচ এ খাত থেকে আসতে পারে বড় অংকের রাজস্ব আয়।
প্রসঙ্গত ২০১৩ সালে আউট সোর্সিং থেকে ২০ মিলিয়ন বা ২ কোটি মার্কিন ডলার আয় করেছিল বাংলাদেশ। আর চলতি বছরে এ খাতে ১০০ মিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
এসময় তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের বড় অংশ বিদেশীরা। তাদের বিনিয়োগের অন্যতম মাধ্যম হলো অফসোর ব্যাংকিং। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সব দেশেই এ ব্যাংকিংয়ে শূন্য থেকে ২০ শতাংশ কর নেওয়া হয়। কিন্ত বাংলাদেশে অফশোর ও অনশোর উভয় ক্ষেত্রে ৪২ দশমিক ৫ শতাংশ করারোপ নির্ধারিত থাকায় এখানে বিনিয়োগ কিছুটা ব্যহত হচ্ছে। তাই বিদেশী বিনিয়োগ ও বাণিজ্যকে উৎসাহিত করতে অফশোর ব্যাংকিংয়ে অন্যন্য দেশের মতো করারোপের দাবি জানান তিনি।
এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে আলোচনায় এফআইসিসিআইয়ের সভাপতি রুপালী চৌধুরীসহ সংগঠনের বেশ কয়েকজন প্রতিনিধি ও এনবিআরের বিভিন্ন বিভাগের সদস্য-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এফআইসিসিআইয়ের মূল বাজেট প্রস্তাবনা পেশ করেন সংগঠনের বাজেট সমন্বয়ক আব্দুল খালেক।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
আউট সোর্সিং ব্যবসায় করারোপের দাবি
বর্তমানে আলোচিত ব্যবসা খাত আউট সোর্সিংকে করের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে বিদেশী বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই)।





