ব্যক্তিগত ও গৃহস্থালি কাজে ব্যবহৃত বিলাস পণ্য সামগ্রির ওপর চলতি করবর্ষে নতুন করে আমদানি শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সম্প্রতি এনবিআরের আমদানি শুল্ক বিভাগ এ সংক্রান্ত একটি এসআরও জারি করেছে। কিছু পণ্যের ক্ষেত্রে শুল্ক হার বাড়ানো হয়েছে। এক্ষেত্রে এক লাখ টাকা পর্যন্ত শুল্ক আরোপ করেছে সংস্থাটি। এনবিআর সূত্রে এ সব তথ্য জানা গেছে।

এনবিআর সূত্র জানায়, এ খাত থেকে দুই হাজার কোটি টাকার শুল্ক আদায়ের লক্ষ্যে স্বর্ণ, উচ্চমানের মিউজিক সেন্টার, টেলিভিশন, ঝাড়বাতি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর ও ডিপ-ফ্রিজসহ বিভিন্ন বিলাসজাত পণ্যে আমদানি শুল্কে পরিবর্তন আনা হয়েছে।

জানা গেছে, প্লাজমা, এলইডি, টিএফটি, এলসিডিসহ যে কোনো ধরনের টেলিভিশন আমদানির ক্ষেত্রে ২২ ইঞ্চি থেকে ২৯ ইঞ্চি পর্যন্ত শুল্ক কর ১৫ হাজার টাকা আরোপ করা হয়েছে। একইভাবে ৩০ ইঞ্চি থেকে ৩৬ ইঞ্চি পর্যন্ত ২০ হাজার টাকা, ৩৭ থেকে ৪২ ইঞ্চি পর্যন্ত ৩০ হাজার টাকা, ৪৩ ইঞ্চি থেকে ৪৬ ইঞ্চি পর্যন্ত ৫০ হাজার টাকা, ৪৭ থেকে ৫২ ইঞ্চি পর্যন্ত ৭০ হাজার টাকা এবং ৫৩ ইঞ্চি বা তার ঊর্ধ্বে এক লাখ টাকা আমদানি শুল্ক আরোপ করেছে এনবিআর।

রেফ্রিজারেটর ও ডিপ-ফ্রিজ আমদানির ক্ষেত্রে শুল্ক কর পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হযেছে। এয়ারকুলার বা এয়ার কন্ডিশনার আমদানিতে (ইউনডো টাইপের) সাত হাজার টাকা, স্প্রিট টাইপ-১৮ হাজার বিটিভির ওপর ২০ হাজার টাকা শুল্ক কর নির্ধারণ করা হয়েছে।

ডিস এন্টেনা আমদানিতে সাত হাজার টাকা শুল্ক কর নির্ধারণ করা হয়েছে। চার থেকে আটটি স্পিকারসহ মিউজিক সেন্টার, স্পিকার নির্বিশেষে হোম থিয়েটারের আমদানি শুল্ক নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা। স্বর্ণের বার সর্বোচ্চ ২০০ গ্রাম পর্যন্ত ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রামপ্রতি তিন হাজার টাকা আমদানি শুল্ক আরোপ করা হয়েছে। রৌপ্যবার ভরিপ্রতি বা ১১ দশমিক ৬৬৪ গ্রামে ছয় হাজার হারে আমদানি শুল্ক আরোপ করা হয়েছে।

প্রফেশনাল কাজের বাইরে আমদানি করা যে কোনো ধরনের এইচডি ক্যাম, ডিবি ক্যাম, বিইটিএ ক্যামের ক্ষেত্রে শুল্ক কর নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আমদানি করা এয়ারগান বা এয়ার রাইফেলের ওপর পাঁচ হাজার টাকা, ঝাড়বাতির ওপর প্রতি পয়েন্টে ৩০০ টাকা, কার্পেট ১৫০ বর্গমিটার পর্যন্ত প্রতি বর্গমিটারে ১৫০ টাকা এবং ওয়াশিং মেশিন, ড্রাইওয়াশারের ওপর তিন হাজার টাকা আমদানি শুল্ক নির্ধারণ করেছে এনবিআর।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর