সোস্যাল ইসলামী ব্যাংকের(এসআইবিএল) ৭ পরিচালক পদত্যাগ করেছেন। এর মধ্যে ৪ জন স্বতন্ত্র ও ৩ জন শেয়ারধারী পরিচালক।

৪ জন স্বতন্ত্র পরিচালক হলেন- মো. আবদুর রহমান, আবদুল মহিত, এ এফ এম আসাদুজ্জামান ও মইনুল হাসান। বাকিদের নাম এখনো জানা যায়নি।

সোমবার (১৩ নভেম্বর) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় পদত্যাগ করেন তারা। ওই সভায় নতুন করে আরও ৯ জন পরিচালক নিয়োগ দেওয়া হয়। এরই মধ্যে ৭ জন স্বতন্ত্র ও ২ জন শেয়ারধারী পরিচালক।

ব্যাংকটির চেয়ারম্যান আনোয়ারুল আজিম আরিফ বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা পদত্যাগ করেছেন। নতুন ৯ পরিচালককে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসে। ব্যাংকটির চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) হঠাৎ পদত্যাগ করতে হয়।

ওই দিন বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্যে এক সভায় এসব সিদ্ধান্ত হয়। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডি কাজী ওসমান আলীকে।

এমবি