সিরামিকের মৌলিক কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর দাবি করেছে বাংলাদেশ সিরামিক ওয়ারস ম্যানুফ্যাকচার এসোসিয়েশন (বিসিডব্লিউএমএ)। এ ছাড়া দেশীয় সিরামিক টাইলসের ওপর  সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংগঠনটি। রোববার প্রাক বাজেট আলোচনায় এনবিআর’য়ের কাছে এ দাবি করেছে সংগঠনটি।
সংগঠনটির বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে, সিরামিক পণ্যের মূখ্য বা মৌলিক কাঁচামাল বোন এ্যাশের আমদানিশুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা, এডহেসিভ ও সিল্ক স্ক্রিনের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা।এছাড়া কভার কোটের আমদানি শুল্ক সর্বনিম্ন পর্যায়ে রাখার দাবিও জানিয়েছে তারা।
এদিকে, দেশীয় সিরামিক টাইলসের ওপর উৎপাদন পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার দাবি জানিয়েছে সংগঠনটি। এর পেছনে তাদের যুক্তি হল- দেশে টাইলস এখন বিলাসী পণ্য হিসাবে বিবেচিত হয় না।তাই দেশে টাইলসের ব্যবহার বেড়েছে। এজন্য এই শুল্ক প্রত্যাহার হলে পণ্যমূল্য কমবে। এতে করে টাইলসের বিক্রয় বেড়ে যাবে। ফলে সরকারের ভ্যাট আদায়ও বৃদ্ধি পাবে।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]