ই-টিআইএন সংক্রান্ত সার্বিক সেবা প্রদান করার লক্ষ্যে ই-টিআইএন সার্ভিস ও সেবা সেন্টার চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার বিসিএস কর একাডেমিতে অনলাইনে ইলেকট্রনিক কর শনাক্তকারী নম্বর ই-টিআইএন সার্ভিস ও সেবা সেন্টারের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মো. গোলাম হোসেন।
এ সময় গোলাম হোসেন বলেন, আগামী ২০১৪-১৫ অর্থবছরে রাজস্ব আয়ের প্রধান খাত হবে আয়কর। তিনি বলেন, আয়কর খাত থেকে আগামী অর্থবছরে বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি আমরা। এর পর গুরুত্ব পাবে মূল্য সংযোজন কর ও কাস্টমস।
অনুষ্ঠানে ২০১৫ সালের জুন মাস থেকে করদাতারা অনলাইনের মাধ্যমে কর প্রদান করতে পারবেন বলেও জানান তিনি। এনবিআর দেশের প্রথম অটোমেশন প্রক্রিয়ার কাজ শুরু করতে যাচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ২০১৩ সালের জুন মাসে ই-টিআইএন এ রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বর্তমানে রেজিস্ট্রেশন হয়েছে ৯ লাখ, যার মধ্যে পুরাতন করদাতা ৬ লাখ ও নতুন যুক্ত হয়েছে ৩ লাখ।
গোলাম হোসেন বলেন, প্রত্যক্ষ করদাতা ১৮ লাখ। সংখ্যাটা একটু কমই। আমরা শিগগিরই আরও প্রায় ৬ লাখ লোককে এর আওতায় আনার জন্য কাজ করছি।
আগামীতে প্রতিটি কর অঞ্চলে ই-টিআইএন সার্ভিসের সেন্টারের মতো সেবা চালু করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।
উল্লেখ্য, সদ্য উদ্বোধন করা ই-টিআইএন সার্ভিস সেন্টারে ৯ জন কম্পিউটার আপারেটর ও দুইজন কর্মকর্তা রয়েছেন, যাদের পক্ষে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ করদাতাকে সেবা দেওয়া সম্ভব।
সার্ভিস সেন্টারে নতুন করদাতাদের ই-টিআইএন রেজিস্ট্রেশন, পুরনো করদাতাদের রি-রেজিস্ট্রেশন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ই-টিআইএন রেজিস্ট্রেশন, ই-টিআইএনের বিপরীতে ইউজার আইডি প্রদান, ই-টিআইএন ভুল সংশোধনসহ ই-টিআইএন সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাবে। মূলত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আগে করদাতার সংখ্যা বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড এ উদ্যোগ নিয়েছে।
আগামী ৩০ জুন থেকে সরকারি ছুটি ব্যতীত সেন্টারটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
সেবা প্রদানে চালু হলো ই-টিআইএন সার্ভিস
ই-টিআইএন সংক্রান্ত সার্বিক সেবা প্রদান করার লক্ষ্যে ই-টিআইএন সার্ভিস ও সেবা সেন্টার চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।





