নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শেষ করলো পুঁজিবাজার। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে সূচক।  তবে গতদিনের তুলনায় লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ডিএসই  ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে  ৪ দশমিক ৩৮ পয়েন্ট  কমে ৪ হাজার ৭৫৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯৬ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক দশমিক ৮৫ পয়েন্ট কমে ৯৯৫.৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত  ২৮৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১২৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টি কোম্পানির শেয়ারের।
ডিএসই’তে আজ মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৩৩ কোটি ৯০ লক্ষ ৬১ হাজার ১০৬ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৮ কোটি ৪৯ লাখ টাকা বেশি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ডেসকো লিঃ, প্রগতি লাইফ, ডেল্টা লাইফ, বিডি বিল্ডিং, অ্যাপোলো ইস্পাত, পপুলার লাইফ, পাওয়ারগ্রীড, রূপালী লাইফ ইন্সুঃ, প্রাইম লাইফ ইন্সুঃ ও বেঙ্গল উইন্সডোর।
মূলত প্রফিট টেকিংয়ের কারণে বাজার এ অবস্থানে রয়েছে। আর প্রাতিষ্ঠানিক ও বড় পুঁজির বিনিয়োগকারীরা এখন ডে-ট্রেডারের ভূমিকায় অবর্তীর্ণ হওয়ায় বাজারে অপ্রয়োজনীয় উত্থান পতন হবেই। এ ছাড়া বাজার একটানা বাড়ারও তেমন কারণ নেই বলে মনে করছেন পুঁজিবাজার বিশেষজ্ঞরা। 
সংশ্লিষ্টরা বলছেন, সার্বিক অর্থনীতিতে উল্লেখ করার মত তেমন উন্নতি হয়নি। এ ছাড়া রাজনৈতিক অস্থিরতা থেমে গেলেও প্রচ্ছন্ন অস্থিরতা আছেই। তাই এখন সব ধরণের বিনিয়োগকারী ডে-ট্রেডারের ভূমিকায়। ফলে এ ধরণের উঠা-নামা থাকবেই।
বুধবার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৭৬৩ পয়েন্টে। এ দিন লেনদেন হয় ৫৭২ কোটি ৪০ লাখ ১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন কমেছে ৩৮ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধার‌ণ মূল্য সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৩৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৭০ লাখ টাকা।
বুধবার সিএসইতে লেনদেন হয়েছিল ৪৫ কোটি ১১ লাখ টাকা। অর্থাৎ বৃহস্পতিবার সিএসইতে লেনদেন বেড়েছে ৩ কোটি ৫৯ লাখ টাকা।
[b]ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]