সরকারি উদ্যোগে বিভিন্ন রোগের ৮২৫ ধরনের ওষুধ শ্রীলঙ্কায় রপ্তানি করবে বাংলাদেশ। এটিই সরকারিভাবে বিদেশে ওষুধ রপ্তানির প্রথম উদ্যোগ। সোমবার সচিবালয়ে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী মৈত্রীপালা শ্রীসেনা এতে সই করেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে শ্রীলঙ্কায় শতকরা ৮০ ভাগ ওষুধ রপ্তানিকারক দেশ ভারত। এ চুক্তির মাধ্যমে শ্রীলঙ্কায় ওষুধ রপ্তানিতে বাংলাদেশ বড় অংশ দখল করবে আশা প্রকাশ করেন তিনি।

সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সম্মেলনে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে এ সমঝোতা সই করা হয়েছে বলে জানান মন্ত্রী।
নাসিম আরও জানান, ওষুধ বাছাই ও মূল্য নির্ধারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কমিটি করা হবে। আইন মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে (ভেটিং) এ চুক্তি চূড়ান্ত করা হবে। সরকারিভাবে হলেও বেসরকারি কোম্পানির ওষুধই বেশি রপ্তানি করা হবে।

ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর