আগামী বছরের শুরু থেকে নিম্নমানের কয়লা আমদানি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। এর প্রভাবে থার্মাল কোলের সরবরাহ বৃদ্ধির আশঙ্কায় গত মঙ্গলবার এর আন্তর্জাতিক বাজারে দেখা গেছে নিম্নমুখী প্রবণতা। খবর মাইন ওয়েব।

আমস্টারডাম ও অ্যান্টুয়ার্পে আগামী অক্টোবরে সরবরাহের জন্য প্রতি টন কয়লা ইউরোপে বিক্রি হয় ৭৩ ডলার ৯৫ সেন্টে। এ দর আগে করা সরবরাহ চুক্তির চেয়ে ১ ডলার ৫৫ সেন্ট কম। এছাড়া ডিসেম্বরে সরবরাহের জন্য প্রতি টনের দাম ২৫ সেন্ট কমে নেমেছে ৭৪ ডলার ৮৫ সেন্টে।

অস্ট্রেলিয়ার নিউক্যাসলে আগামী অক্টোবরে সরবরাহ চুক্তিতে প্রতি টন কয়লার দাম ২০ সেন্ট কমে নেমে যায় ৬৬ ডলারে। পাশাপাশি ডিসেম্বরে সরবরাহের জন্য প্রতি টনের দাম ১৫ সেন্ট কমে বিক্রি হয় ৬৬ ডলার ১০ সেন্টে। গত সপ্তাহে বায়ুদূষণ রোধে বেশি মাত্রার ছাই ও সালফারসমৃদ্ধ কয়লা উত্তোলন, ব্যবহার ও আমদানি নিষিদ্ধ করা সংক্রান্ত সিদ্ধান্ত প্রকাশ করেছে চীন সরকার। এ নিয়ে নতুন নীতিমালাও তৈরি হয়েছে।

নীতি অনুযায়ী, কয়লায় ছাই সৃষ্টির উপাদানের মাত্রা ৪০ বা সালফারের মাত্রা ৩ শতাংশের বেশি হলে তা বিক্রি অথবা আমদানি করা যাবে না। বিশ্বের শীর্ষ কয়লা আমদানিকারক চীন। অস্ট্রেলিয়া থেকে পণ্যটি রফতানির এক-চতুর্থাংশ হয় চীনে।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর