সার্কের বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাণিজ্য বৃদ্ধি এবং দারিদ্র বিমোচনের ক্ষেত্রে অনেক কিছু করা সম্ভব। কিন্তু সাফটা প্রতিষ্ঠার আট বছর পরেও অন্যান্য আন্তর্জাতিক বাণিজ্যিক জোটের মতো নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে পারেনি বলে মন্তর্ব করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সাফটা মিনিস্টিরিয়াল কাউন্সিল কমিটির অষ্টম সভায় বাণিজ্যমন্ত্রী তার বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাণিজ্যের ক্ষেত্রে আমাদের সামনে অনেক বাধা রয়েছে। এ বাধাগুলো জরুরি ভিত্তিতে অতিক্রম করা প্রয়োজন। আমাদের সদস্য দেশগুলোর নিয়ন্ত্রিত অনেক পণ্য রয়েছে। এ নিয়ন্ত্রিত পণ্যের সংখ্যা কমিয়ে সার্কভুক্ত এবং এলডিসিভুক্ত দেশগুলোতে বাণিজ্য বৃদ্ধি করতে হবে।
সাফটার অধীনে সেবাখাত নিয়ে চলমান আলোচনা দ্রুত শেষ করার ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, সার্কভুক্ত দেশগুলোর পণ্যের পাশাপাশি সেবা খাতকে কাজে লাগিয়ে অর্থনীতিতে গতির সঞ্চার করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ভুটানের প্রধানমন্ত্রী অংশগ্রহণকারী বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।
ঢাকা, ২৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর





