[b]ঢাকা: [/b]কর আদায়ের নতুন সূত্র উদ্ভাবন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ‘ইউজার ট্যাক্স’ নামের এ কর শিক্ষা, স্বাস্থ্যসহ সেবার ওপর আরোপ করা হবে বলে জানান তিনি।
আজ রোববার রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক সেমিনারে অর্থমন্ত্রী এ কথা জানান। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এনবিআর এ সেমিনারের আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য হল  ‘যোগাযোগ: ইতিবাচক সহযোগিতার জন্য তথ্য বিনিময়’।
এ সময় শুল্ক আদায়ে ঝুঁকি সীমিত করা, ক্লিয়ারেন্স, পোস্ট অডিট ও প্রযুক্তির উপর নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে তাগিদ দেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, কাস্টম আইন সংশোধন করা হবে। তবে এটার উপর ব্যাপক আলোচনা না হওয়া পর্যন্ত তা আইনে পরিণত করা হবে না। আমরা এ ক্ষেত্রে সুনজর দেব।
তিনি বলেন, ভবিষ্যতে আমরা ব্যবহার কর আরোপ করবো। যারা বিভিন্ন সুযোগ সুবিধা পান, তাদের এই কর দিতে হবে। শিক্ষা, কৃষি ও অন্যান্য খাতে যে কর দেওয়া হয় তাকে আরো একটু উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, যারা রাজস্ব আদায় করবেন তাদের হতে হবে জনসংযোগে অত্যন্ত দক্ষ। সে দিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
৫ বছরে ব্যাপক রাজস্ব আদায় হয়েছে জানিয়ে মুহিত বলেন, ১৯৭৯ সালের পরে যে কোনো সময়ের চেয়ে এই ৫ বছরে ব্যাপক রাজস্ব আদায় হয়েছে।
তিনি বলেন, আগে রাজস্বের বৃহৎ অংশ আসতো শুল্ক থেকে। তবে এখন শুল্ক থেকে আদায় অনেক কমে গেছে। ভবিষ্যতে আরো কমবে। সেই কমাটা দেশের জন্য খারাপ না। কারণ বিশ্ব বাণিজ্য প্রসারের জন্য আমরা অনবরত শুল্ক কমাচ্ছি। ২৫ বছর পরে হয়ত আন্তর্জাতিক শুল্ক দিবস আর থাকবেই না। এর পরিবর্তে অন্য কোনো দিবস আসবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘এক শ্রেণির ব্যবসায়ীর মধ্যে কর ফাঁকি দেওয়ার প্রবণতা রয়েছে। কর ফাঁকি দেওয়ার কত রকম উপায় যে আছে, তা নিয়ে গবেষণা করলে নিশ্চিত ডক্টরেট ডিগ্রি পাওয়া যাবে।’ স্বচ্ছতার প্রয়োজনে কাস্টমস কর্মকর্তাদের সম্পত্তির বিবরণ মন্ত্রণালয়ে থাকা উচিৎ বলে মন্তব্য করেন তিনি।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ অর্থনৈতিক উন্নয়নে অবদানের জন্য বাংলাদেশের ব্যবসায়ীরা বিশ্বে মডেল বলে দাবি করেন।
এনবিআর সদস্য মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন কাস্টমস কমিশনার শহীদুল ইসলাম ও মাসুদল কবির।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]