বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অন্যতম প্রধান বিনিয়োগ ক্ষেত্র। এই দেশে জাপানি বিনিয়োগ বাড়াতে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির তাগিদ দিয়েছেন সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
শনিবার বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামের সঙ্গে বৈঠকে এ তাগিদ দেন তিনি।
জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের সহযোগিতায় বৈঠকটির আয়োজন করে বোর্ড অব ইনভেস্টমেন্ট, এফবিসিসিআই, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গা্নাইজেশন।
বৈঠকে আবে বলেন, এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম শীর্ষ বিনিয়োগক্ষেত্র। জাপান এখানে বিনিয়োগ করতে আগ্রহী, তবে বিনিয়োগ বাড়াতে পরিবেশকে আরও ব্যবসাবন্ধব করতে হবে।
জাপান বাংলাদেশকে অনেক গুরুত্বসহকারে দেখে উল্লেখ করে তিনি বলেন, আলোচনা সাপেক্ষে ৬০০ কোটি ডলার ঋণ সহায়তা আরও বাড়তে পারে বলে উল্লেখ করেন তিনি।
ব্যবসায়ীদের বড় ধরনের ভূমিকায় দু’দেশের আলোচনার মধ্য দিয়ে আরও উন্নয়ন সম্ভব বলে উল্লেখ করেন জাপানি প্রধানমন্ত্রী।
তিনি বলেন, জাপান বাংলাদেশকে অবকাঠামোগত উন্নয়নের তাগিদ দিয়েছে। এক্ষেত্রেও বন্ধু রাষ্ট্র হিসেবে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাবে জাপান।
এর আগে দুপুর ২টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে ফুল দিয়ে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাপানের প্রধানমন্ত্রী। এরপর সেখানে পরিদর্শন বইতে সই করেন তিনি।
দুপুর ১টার দিকে দুই দিনের সফরে সস্ত্রীক ঢাকা পৌঁছান শিনজো আবে। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে জাপানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও জাপানের ঢাকায় নিযুক্ত উপস্থিত ছিলেন।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





