পরিবেশবান্ধব শিল্প-কারখানা গড়তে গ্রীন টেকনোলোজির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এফবিসিাসআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমেদ।

তিনি আজ(১৫ নভেম্বর)রাজধানীর ফেডারেশন ভবন মিলনায়তনে ‘গ্রীন ইনভেস্টমেন্ট শীর্ষক’ এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজ (আইবিএ) ও গ্রীনটেক ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ উদ্যোগ ও এফবিসিসিআই’র সহযোগিতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গ্রীনটেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদের সভাপতিত্তে বৈঠকে বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. সাইফুল মজিদ, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জি’র পরিচালক অধ্যাপক ড. সাইফুল হক, ঢাকাস্থ জার্মান দূতাবাসের হেড অব ডেভেলোপমেন্ট কো-আপারেশন একহার্ড হেইন ও গ্রীনটেক ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান।

এফবিসিাসআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমেদ বলেন, পরিবেশবান্ধব শিল্প-কারখানা গড়তে গ্রীন টেকনোলোজির বিকল্প নেই। বিশ্ব যখন সবুজের দিকে ঝুঁকছে সেখানে আমাদের প্রতিযোগিতায় টিকে থাকতে অবশ্যই কর্মপরিবেশ গ্রীন করতে হবে।

বক্তারা বলেন, বিশ্ব যখন ক্লিন এনার্জি বা পরিবেশবান্ধব শক্তি নিয়ে কাজ করছে বাংলাদেশ পিছিয়ে থাকতে পারে না। দেশে মানসম্মত পরিবেশবান্ধব নবায়নযোগ্য শক্তির উন্নয়নে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো জরুরী।