শহরে ব্যস্ত সবাই! ব্যস্ততার কঠিন টানাপোড়েনে সব বাধা পেরিয়ে মন চায় একটুখানি স্বস্তি। কমর্ব্যস্ত জীবনে একটু স্বস্তি দিতে প্রতিবছরের মতো এবারো শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
ছুটির দিনে সময় ও সুযোগকে কাজে লাগিয়ে মেলা শুরুর দ্বিতীয় দিন পরিবার ও প্রিয় মানুষকে নিয়ে চলে এসেছেন মেলায়। ক্রেতা-দশর্নার্থীদের পদচারণায় জমে উঠছে বাণিজ্য মেলা।
মেলা শুরুর প্রথম ছুটির দিন শুক্রবার বিকেলে সব বয়সী ক্রেতা-দর্শনার্থীরই দেখা মেলেছে মেলায়। কেই এসেছেন ঘুরতে কেউ-বা আবার কেনাকাটা করতে। সব মিলিয়ে বিক্রেতাদের মুখেও দেখা গেল কিছুটা সন্তুষ্টির ছাপ।
মেলা প্রাঙ্গণের দিকে দর্শনার্থীদের ভিড় ক্রমশই বেড়ে যাচ্ছে। গাড়ি পাকিং এলাকাও পরিপূর্ণ হয়ে গেছে।
বিকেলে টিকেট কাউন্টারের সামনে দীর্ঘ লাইন দেখা যায়। তবে ভিড় বেশি থাকায় টিকিট সংগ্রহে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে নারীদের।
স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে মেলায় এসেছেন মো. রফিকুল ইসলাম। তিনি জানান, প্রথম শুক্রবার মেলায় ভিড় কম থাকবে। তাই স্ত্রী ও বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি মেলায়।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া রুনা, সুরাইয়া, জেমি নামে তিন বান্ধবী শুক্রবার বিনোদন আর কেনাকাটার জন্য এসেছেন মেলায়।
রুনা বলেন, একেক জনের এক এক দিন ক্লাস থাকলেও শুক্রবার সবারই বিশ্ববিদ্যালয় বন্ধ। তাই এক সঙ্গে কিছুটা সময় কাটাতে এসেছেন মেলায়।
ভিড় বাড়ার সঙ্গে বিক্রিও বেড়েছে প্যাভিলিয়ন ও স্টলগুলোতে। আগের দিনগুলোতে ব্যবসায়ীরা সাজ-সজ্জায় ব্যস্ত থাকলেও শুক্রবার এই দৃশ্য পাল্টে গেছে। বেচা বিক্রি নিয়ে ব্যস্ত ছিলেন প্রায় সব বিক্রেতা।
নাভানা ফার্নিচারের সহকারী ব্যবস্থাপক সীমা রায় বলেন, প্রথমদিনের চেয়ে আজকে (দ্বিতীয়দিন) ভিড় বাড়েছে। ক্রেতা না থাকলে আমাদের ভালো লাগে না।
সোফা সেট কিনতে আসা ব্যবসায়ী নুরুল আলম জানান, মেলা উপলক্ষে ভিন্ন কোয়ালিটির সোফা সেট নিয়ে এসেছে নাভানা। তাই পছন্দসই সোফা সেট কিনতে এসেছি।
মেলার দায়িত্বে থাকা সদস্য সচিব রেজাউল করিম বলেন, প্রথমদিনের চেয়ে দ্বিতীয়দিন ভিড় একটু বেশি। মাসব্যাপী বলে ধীরে ধীরে তা বাড়বে।
তবে ছুটির দিনগুলোতে ভিড় একটু বেশি হবে বলেও জানান তিনি।
জেআই





