বাংলাদেশে কৃষিভিত্তিক শিল্পখাতে বিনিয়োগ করতে জাপানের উদ্যোক্তারা আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. সিরো সুদাসিমা মঙ্গলবার শিল্পমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এ আগ্রহের কথা জানান। শিল্প মন্ত্রণালয়ে এ সাক্ষাতকার অনুষ্ঠিত হয়।
এ সময় জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার প্রশংসা করে বলেন, বিনিয়োগ সম্ভাবনার ক্ষেত্রে বাংলাদেশ ভিয়েতনামের চেয়ে অনেক এগিয়ে রয়েছে।
তিনি বাংলাদেশে আবাদি জমি স্বল্পতার জন্য দক্ষ শিল্পখাত গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। কৃষিখাতে উৎপাদনশীলতা বাড়িয়ে শিল্পায়নের সুযোগ সৃষ্টি করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।  শিল্পখাতসহ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপানের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বৈঠকে শিল্পমন্ত্রী আর্থ-সামাজিক উন্নয়ন প্রক্রিয়া জোরদার করতে আঞ্চলিক সহায়তার ওপর গুরুত্ব দেন। তিনি সার্কের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে বাংলাদেশসহ এ অঞ্চলের উন্নয়নে জাপানের ভূমিকা জোরদারের পরামর্শ দেন।
তিনি বলেন, বাংলাদেশে সার কারখানার দক্ষতা বাড়াতে জাপান প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি গ্যাস উত্তোলনে বিনিয়োগ করতে পারে। তিনি দ্বিপাক্ষিক বিনিয়োগের প্রস্তাব পাবার পর আলোচনার মাধ্যমে বিভিন্নখাতে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান।
বৈঠকে শিল্পখাতে দ্বিপাক্ষিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দক্ষতার সাথে সার উৎপাদন, কৃষিখাতে উৎপাদনশীলতা বৃদ্ধি, শিক্ষাখাতে সহায়তা, গ্যাস উত্তোলনসহ অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফরহাদ উদ্দিনসহ মন্ত্রণালয় ও জাপান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]