চীনের ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারীরা বিদেশের শেয়ারবাজারগুলোয় সরাসরি বিনিয়োগ করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) জানিয়েছে, সংশ্লিষ্ট বিধি প্রণয়নে কাজ করছে তারা।

বর্তমানে কেবল অনুমোদিত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরই সরাসরি বিদেশের বাজারগুলোয় বিনিয়োগের সুযোগ দেয় চীন। এখন পর্যন্ত কোয়ালিফায়েড ডমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরস (কিউডিআইআই) স্কিমের আওতায় শতাধিক চীনা প্রতিষ্ঠান মিলে বিদেশী বাজারে ৭৬ দশমিক ৮ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের সুযোগ পাচ্ছে। বিশ্ব অর্থনীতিতে চীনের বর্তমান অবস্থানের বিবেচনায় অনুমোদিত প্রতিষ্ঠানের এ সংখ্যা কিংবা বিদেশে তাদের বিনিয়োগের ঊর্ধ্বসীমা কোনোটিই যথেষ্ট নয়।

দেশটির মূলধনি হিসাবের উদারযাত্রা বেগবান করতে অন্তঃ ও বহির্গামী বিনিয়োগের ওপর আরোপিত বাধাগুলো ধীরে ধীরে তুলে নেয়ার চেষ্টা করছে পিবিওসি।

গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়, ব্যক্তি বিনিয়োগকারীদের সুযোগ করে দিতে কোয়ালিফায়েড ডমেস্টিক ইনডিভিজুয়াল ইনভেস্টরস (কিউডিআইআই-২) স্কিম নিয়ে কাজ করছে পিবিওসি, যার আওতায় অনুমোদিত ব্যক্তিরা বিদেশে শেয়ার ও অন্যান্য আর্থিক সম্পদ কিনতে পারবেন।

এছাড়া প্রস্তাবিত রেনমিনবি কোয়ালিফায়েড ডমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরস (আরকিউডিআইআই) স্কিমের আওতায় চীনা প্রতিষ্ঠানগুলোকে বিদেশের বাজারে সরাসরি ইউয়ানে বিনিয়োগের সুযোগ দেয়া হবে

সাম্প্রতিক বছরগুলোয় ইউয়ানের আন্তর্জাতিক ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। আরকিউডিআইআই এরই একটি অংশ।

সূত্র: সিনহুয়া

ঢাকা, ১২ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর