আগামী দুই দিনের মধ্যে বেআইনিভাবে বন্ধ ঘোষিত হামীম স্পোর্টস ওয়্যার লিমিটেড খুলে দেয়ার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ও শ্রমিক নেতা আমিরুল হক আমিন বলেন, বেআইনিভাবে হামীম স্পোর্টস ওয়্যার বন্ধ করার কারণে বর্তমানে ৪শত শ্রমিক বেকার হয়ে আছে। শ্রমিকদের কথা বিবেচনা না করে মালিক অবৈধভাবে কারখানা বন্ধ করে রেখেছে। আগামী দুই দিনের মধ্যে এই গার্মেন্ট খুলে দেওয়া না হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করা হবে।
এ ব্যাপারে বিজিএমইএ, শ্রম এবং বাণিজ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিলেও মালিকের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, এ কারখানার শ্রমিকরা ট্রেড ইউনিয়ন সংগঠিত করে রেজিস্ট্রেশনের জন্য ৩ বার শ্রম দপ্তরে জমা দিলেও তা মালিকপক্ষের অযাচিতভাবে হস্তক্ষেপে তা করা যায়নি। কারখানার নারী শ্রমিকদের অন্যায় ভাবে নির্যাতন করা হচ্ছে। এই কারখানার দুই নারী শ্রমিককে কর্তৃপক্ষ চপেটাঘাত করেছে। এটা সম্পূর্ণ শ্রম আইন লঙ্ঘণ।
এসময় লন্ডন অ্যাসেম্বেলি লেবার গ্রুপের সদস্য মুরাদ কুরায়েশি সংহতি প্রকাশ করে বলেন, বিগত সময়ে রানা প্লাজার ট্র্যাজেডির সময়ে বিদেশিরা যেমন পাশে ছিলো তেমন শ্রমিকদের আন্দোলনেও আমরা পাশে আছি।
সমাবেশ শেষে লাল পতাকা হাতে নিয়ে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রেসক্লাব চত্বর থেকে শুরু করে হাইকোর্ট হয়ে তোপখানা রোড দিয়ে পল্টন মোড় পর্যন্ত গিয়ে সচিবালয়ে দিকে যাত্রা শেষ করে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভীনের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল শ্রম মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করে। আয়োজক সংগঠনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য শ্রমিক নেতা কামরুল আহসান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়কারী রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স, বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ফেডারেশনের সভাপতি বাবুল আক্তার, সালাউদ্দিন স্বপন, শ্রমিক নেতা শামীমা নাসরিন, রাশেদুল আলম রাজু ও নুরুল ইসলাম প্রমুখ।
জেআই





