পণ্য রপ্তানি আয় কমার মাধ্যমে শেষ হয়েছে ২০১৬ সালের শেষ মাস ডিসেম্বরে।২০১৫ বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমেছে ৩ দশমিক ০৩ শতাংশ।প্রায় ৩১১ কোটি মার্কিন ডলার আয় হয়েছে ডিসেম্বর মাসে। যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৯ কোটি ডলার কম।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ বুধবার রপ্তানি আয়ের এ হিসাব প্রকাশ করেছে। এতে বলা হয়েছে সার্বিকভাবে চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ইতিবাচক। এ সময়ে আয় হয়েছে প্রায় ১ হাজার ৬৮০ কোটি ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৪৪ শতাংশ বেশি। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১ হাজার ৬০৮ কোটি ডলার। 

অবশ্য আলোচ্য সময়ের এ রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ২৮ শতাংশ কম। এ সময় আয়ের লক্ষ্য ছিল প্রায় ১ হাজার ৭৩৭ কোটি ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে ৫৭ কোটি ডলার।

বড় খাতের মধ্যে আলোচ্য সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, চিংড়ি রপ্তানি আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। অন্যদিকে হিমায়িত মাছ, তামাক, পেট্রোলিয়ামের উপজাত, বাইসাইকেল ইত্যাদি পণ্যের রপ্তানি আয় কমে গেছে।

দেশের রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। বিদায়ী বছরের প্রথম ছয় মাসে পোশাক রপ্তানি করে আয় হয়েছে প্রায় ১ হাজার ৩৭১ কোটি ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩৭ শতাংশ বেশি।

নাজিব