যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা ফিরে পাওয়ার ব্যাপারে মার্কিন সিনেটর রবার্ট মেনেনদেজের বক্তব্য ঠিক নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা ঢাকায় ফিরলে তার সঙ্গে দেখা করে ওই চিঠির জবাব দেওয়া হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
চিঠির বিষয়ে সরকার কিছুই জানে না উল্লেখ করে তিনি বলেন, কে, কখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে মার্কিন দূতাবাসে গিয়ে এ অভিযোগ করেছে তা আমার জানা নেই। তবে এ বিষয়ে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের তৈরি পোশাক কারখানাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সুতরাং মার্কিন সিনেটর কিসের ভিত্তিতে এ ধরনের চিঠি দিলেন সেটা বোধগম্য নয়।
বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে পোষাক কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা, ভবন নিরাপত্তা ও বৈদ্যুতিক নিরাপত্তাসহ জিএসপি অ্যাকশন প্ল্যানের অগ্রগতি নিয়ে।
সম্প্রতি এক চিঠিতে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামকে মার্কিন সিনেটর মেনেনদেজ জানায়, বাংলাদেশের শ্রমিক সংগঠনের নেতাদের কার্যক্রমে মালিকদের হস্তক্ষেপ বন্ধ ও তাদের উপর নির্যাতন না কমালে তিনি জিএসপি ফিরে পাওয়ার ব্যাপারে কোনো সহযোগিতা করবেন না।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]