নতুন উদ্যোক্তা তৈরিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিসিসিআই এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনভেশন এক্সপো। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, ব্যাপক জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করার প্রচেষ্টা সত্যিই প্রশংসার। উদ্যোক্তাদের জন্য আজ যে দুয়ার খোলা হয়েছে, তা ৪০ থেকে ৪৫ বছর আগে ছিল না। তাই এ সুযোগকে কাজে লাগাতে হবে। আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, আগে ১০০ টাকা খরচ করলে ৪ টাকা ভ্যাট দিতে হতো। এখন দিতে হয় ১৫ টাকা।
এতে বক্তব্য রাখেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সবুর খান। এক্সপোতে ৩৯টি ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ শাহজাহান খান জানান, উদ্যোক্তা তৈরির কাজে বাংলাদেশ ব্যাংক ছাড়াও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল ঢাকা, বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বিডি ভেনচার লিমিটেড, স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, বাংলাদেশ কাউন্সিল অব সাইনটিফিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সিটি ফোরাম, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বাংলাদেশ বিশ্বব্যাংক দ্য ফিউচার লিডারস এলটিডি, বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট এবং রোটারি ইন্টারন্যাশনালের সঙ্গে ডিসিসিআইয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তাছাড়া টেলিকম পার্টনার হিসেবে গ্রামীণফোনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
দেশব্যাপী প্রচার অভিযানের ফলে এ প্রকল্পের আওতায় ৩২০০ জন সম্ভাবনাময় উদ্যোক্তা রেজিস্ট্রেশন করে এবং ২২০০টি প্রকল্প জমা পড়ে। পরে বিশেষজ্ঞ অভিজ্ঞ ব্যাংকারদের মাধ্যমে অর্থায়নযোগ্য প্রকল্পসমূহ বাচাই করে সেগুলো বিভিন্ন ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়। এ উদ্যোগের আওতায় ১০ জন উদ্যোক্তা বিভিন্ন ব্যাংক থেকে আর্থিক সহায়তা পেয়েছেন।
ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর





