বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘মার্কিন কংগ্রেস রিভিউ না করলে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পাওয়া যাবে না।’
বৃহস্পতিবার পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে ‘মার্কিন জিএসপি অর্থনীতি না রাজনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উম্মচন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটা শুধু বাংলাদেশের একার বিষয় নয়, বিশ্বের কোনো দেশই এই মুহুর্তে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পাচ্ছে না। ইতোমধ্যে আমরা যুক্তরাষ্ট্রের দেওয়া ১৬টি শর্তের অনেক বিষয়ে অগ্রগতি করেছি। কাজেই কংগ্রেস নতুন করে জিএসপি রিভিউ করলে আমরাও পাবো।’
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামি অর্থবছরে বাংলাদেশ পোশাক রপ্তানি খাতে আয় করবে ৩০ মিলিয়ন বা তিন কোটি মার্কিন ডলার; যা চলতি অর্থবছরে ২৪ মিলিয়ন ডলার। তিনি আরও জানান, দক্ষিণ আমেরিকার চিলিসহ বিশ্বের আরও কয়েকটি দেশে বাংলাদেশ এখন নতুন করে জিএসপি সুবিধা পাচ্ছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, ‘আমাদের আত্মসমালোচনা করা প্রয়োজন। আমরা যতই বলি যুক্তরাষ্ট্র রাজনৈতকি কারণে আমাদের জিএসপি সুবিধা বন্ধ করেছে-তা যুক্তিযুক্ত হবেনা। কারণ কাদায় পরলে সবাই লাথি মারে। তাই কাদায় যাতে না পরতে হয় সেজন্য সজাগ থাকা দরকার। আমরা যথসময়ে সজাগ হতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে এখান থেকে বের হওয়ার সুযোগ অবশ্যই আছে’।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম বলেন, ‘অর্থনীতি ও রাজনীতি একটির দ্বারা আরেকটি প্রভাবিত। সে কারণে চীনে প্রতিবছর শ্রমিক দূর্ঘটনা হওয়ার পরেও যুক্তরাষ্ট্র তাদের (চীনের) সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। কারণ তারা অর্থনৈতিকভাবে একে অপরের ওপর নির্ভরশীল। আর এই অর্থনৈতিক নির্ভরশীলতা দুই দেশের রাজনীতিতেই প্রভাব ফেলেছে’।
আফতাব উল ইসলাম বলেন, ‘সরকারিভাবে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি চলে গেলে আমাদের কোনো সমস্যা হবে না। এটা ঠিক না। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি বাতিল হওয়া মানে আন্তর্জাতিক পর্যায়ে ভুল বার্তা চলে যাওয়া। জিএসপি ফিরে পেতে আমাদের নেগোশিয়েশন স্কিল আরও উন্নত করতে হবে।’ প্রয়োজনে বাণিজ্য মন্ত্রণালয়ের অধিনে ‘স্থায়ী ট্রেড নেগোশিয়েশন সেল’ করার পরামর্শ দেন তিনি।
প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ আহসান মনসুর, রপ্তানিকারক সমিতির সভাপতি আব্দুস সালাম মুর্শিদি, ঐতিহ্য প্রকাশনীর কর্ণধার আরিফুর রহমান নাইম, ফ্রান্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এনায়েতুর রহমান, সাংবাদিক রঞ্জন সেন প্রমুখ।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
মার্কিন কংগ্রেস রিভিউ না করলে জিএসপি সুবিধা নয়: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘মার্কিন কংগ্রেস রিভিউ না করলে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পাওয়া যাবে না।’ বৃহস্পতিবার পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে ‘মার্কিন জিএসপি অর্থনীতি না রাজনীতি’





