দেশের রপ্তানি খাতে তৈরি পোশাক শিল্পের পর শীঘ্রই ওষুধ শিল্প বিশেষভাবে অবদান রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার সকালে রাজধানীতে ডিআইইউ আয়োজিত ফার্মা ক্যারিয়ার ফেস্টে একথা বলেন তিনি। ক্যারিয়ার ফেস্ট-এর আয়োজনে বিভিন্নভাবে সহযোগিতা করবে বলে জানান শিক্ষার্থী ও ওষুধ কোম্পানিগুলো।
রাজধানীর সোবহানবাগ শাখায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফার্মেসি বিভাগ এই প্রথমবারের দু'দিনব্যাপী ডিআইইউ ফার্মা ক্যারিয়ার ফেস্ট-২০১৮ এর আয়োজন করে। প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত এমন উদ্যোগে বেশ উৎফুল্ল ও ক্যারিয়ারের জন্য নানা সুযোগ তৈরি করবে বলে মনে করে শিক্ষার্থীরা।
তারা বলেন, এই ধরনের মেলার আয়োজন এবারই প্রথম। এই মেলার মাধ্যমে আমাদের ক্যারিয়ারের নানা সুযোগ তৈরি হবে।
ফেস্টে অংশ নিয়েছে দেশের ১৫টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, খুব সহজেই ওষুধ শিল্পে চাকরী প্রত্যাশীদের আবেদনের মাধ্যমে দক্ষদের বেছে নিতে পারবেন তারা।
তারা বলেন, আমরা এখানে শিক্ষার্থীদের থেকে সিভি সংগ্রহ করছি। তাদের সুযোগ দেয়ার জন্যই আমরা এখানে এসেছি।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান বলেন, আগামীতে রপ্তানি খাতের দ্বিতীয় অবস্থানে থাকবে ওষুধ শিল্প, এজন্য বিপণন ব্যবস্থার দিকে নজর দিতে হবে।
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সহযোগিতায় এ ফেস্টে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ওষুধপণ্য ব্যবস্থাপনা, সঠিক পেশা নির্বাচন বিষয়সহ ৬টি সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে।
এসএম





