বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দশম মিনিস্টারিয়াল কনফারেন্সের প্রস্তুতিমূলক বৈঠকে যোগ দিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মঙ্গলবার রাতে জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

জেনেভায় বৈঠক শেষে তিনি এক্সপো মিলানোয় যোগ দিতে ইতালি যাবেন বলে বাণিজ্যমন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

আগামী ১৫-১৮ ডিসেম্বর কেনিয়ার নাইরোবিতে ডব্লিউটিও’র দশম মিনিস্টারিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হবে। স্বল্পোন্নত দেশসহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমুহ যথাযথ গুরুত্ব সহকারে যাতে সভায় উপস্থাপিত হয়, সে বিষয়ে ১৭ এবং ১৮ সেপ্টেম্বর ডব্লিউটিও’র মহাপরিচালক ও গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সূত্র জানায়, এবারের সম্মেলন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ বর্তমানে এলডিসি’র সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছে।

এবারের সম্মেলনে এলডিসিভুক্ত দেশগুলোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ইতোপূর্বেও এলডিসিভুক্ত দেশগুলোর নেতা হিসেবে উন্নত দেশগুলোর কাছ থেকে দাবি আদায়ের ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এজন্য এলডিসি ভুক্ত দেশগুলো তোফায়েল আহমেদের প্রশংসা করেন।

সূত্র জানায়, জেনেভা থেকে বাণিজ্যমন্ত্রী ইতালির মিলানে এক্সপো মিলানো-২০১৫ উপলক্ষে আয়োজিত বাংলাদেশ ডে এবং বিজনেস ফোরাম অনুষ্ঠানে যোগদানের জন্য ইতালি যাবেন।

এক্সপো মিলানো-২০১৫ শীর্ষক ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ রাইচ ক্লাস্টারভূক্ত দেশ হিসেবে অংশ গ্রহণ করছে। আগামী ২০ সেপ্টেম্বর এক্সপোতে বাংলাদেশ ডে উদযাপিত হবে। পরের দিন এ উপলক্ষে ইতালির মিলান চেম্বারের সঙ্গে যৌথ উদ্যোগে বিজনেস ফোরামের আয়োজন করা হয়েছে।

বিজনেস ফোরামে ইতালির বিভিন্ন সেক্টরের আমদানিকারক ও বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হবে। সেখানে বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ, পণ্য রপ্তানিতে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরার লক্ষ্যে কান্ট্রি প্রেজেনটেশন, গোল টেবিল বৈঠক, জি টু জি বৈঠক ছাড়াও এক্সপো বিজনেস ম্যাচিং প্লাটফর্মের ব্যবস্থা রাখা হয়েছে, যা বাংলাদেশের পণ্যের রপ্তানি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রসঙ্গত, প্রতি পাঁচ বছর অন্তর ওয়ার্ল্ড এক্সপো অনুষ্ঠিত হয়। পৃথিবীর প্রায় সব দেশ এতে অংশ গ্রহণ করে থাকে। ২০১০ সালে সাংহাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ অংশ গ্রহণ করে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইতালির মিলানে এক্সপো মিলানো-২০১৫ তে অংশ গ্রহণের জন্য বাংলাদেশর ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এতে সরকারি সেক্টরের চার জন এবং বেসরকারি সেক্টরের ১০ জন সদস্য রয়েছে। বাণিজ্যমন্ত্রী ২৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

এমকে