সরকারের সুদ ভর্তুকির আওতায় নামমাত্র সুদে শিক্ষার্থীদের ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। শিক্ষার্থীরা যাতে সহজেই ল্যাপটপ ক্রয় করতে পারে সে লক্ষ্যে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
এ সময় তিনি দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে শিক্ষাখাতে সামাজিক দায়বদ্ধ কর্মকাণ্ডে আরো বেশি যুক্ত হওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের উদ্যোগে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান।
আতিউর রহমান বলেন, প্রতিটি ব্যাংক তাদের আয়-ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে নিজেরাই ব্যাংক ঋণের সুদ কমিয়ে আনতে পারে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের দিকে তাকিয়ে থাকার দরকার নেই।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার জন্য অনুদান এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ব্যাংকের ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. কামাল উদ্দিনসহ অনেকে।
কেএইচ





