জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ'র গবেষণাকে ‘উদ্ভট’ বললেন শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

মঙ্গলবার দুপুরে বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত চেঞ্জিং জেন্ডার নর্মস অব গার্মেন্টস এমপ্লয়িজ (চ্যাঞ্জ) শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কারখানার মালিকদের নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে এক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ইউএনএফপিএ'র বাংলাদেশ প্রতিনিধি আজেন্টিনা ম্যাটাভেল পিকিং। প্রতিবেদনে তিনি বলেন, বাংলাদেশে গার্মেন্টস কারখানায় ৮৪.৭ শতাংশ নারী বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখিত তথ্যের প্রতিবাদ জানিয়ে শ্রমপ্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু বলেন, ‘এটি একটি উদ্ভট গবেষণা। এখানে তথ্যের ভুল আছে।’

তিনি বলেন, ‘আমাদের গার্মেন্টস কারখানায় ৮৫ শতাংশই নারী। আর মাত্র ১৫ শতাংশ পুরুষ। তাহলে ৮৫ শতাংশ নারীর মধ্যে কিভাবে ৮৪ শতাংশ নারী হয়রানির শিকার হয়। মাত্র ১৫ শতাংশ পুরুষ কিভাবে এতগুলো নারীকে হয়রানি করে? এখন আর নারীরা হয়রানির শিকার হয় না। পুরুষরাই নারীদের হাতে হয়রানির শিকার হয়।’

বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন শ্রম সচিব মিকাইল শিপার, বিজিএমইএ’র প্রথম সহ সভাপতি শহিদুল্লাহ আজিম, দ্বিতীয় সহ সভাপতি এম এ মান্নান কচি।

ইআর/জেআই