এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের বাজারে আবারো প্রতি ভরি স্বর্ণেতে বেড়েছে ১ হাজার ২২৫ টাকা। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি অব্যাহত থাকায় বাংলাদেশের বাজারেও পড়েছে এর প্রভাব।
শনিবার থেকে নতুন মূল্য কার্যকর হবে বলে বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে
আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। এর আগে গত ৬ ফেব্রুয়ারি ভরিতে সোনার দাম ১২২৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল।
নতুন মূল্য অনুযায়ী শনিবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৪৪,৯৬৫ টাকায়। এখন এ মানের স্বর্ণের দাম ৪৩,৭৪০ টাকা। প্রতি ভরিতে দাম বেড়েছে ১২২৫ টাকা।
দাম বৃদ্ধির পর ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৪১,৬৪০ টাকা থেকে বেড়ে ৪২,৮৬৫ টাকায় বিক্রি হবে। এক্ষেত্রেও প্রতি ভরিতে দাম বাড়ছে ১২২৪ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৩৬,২১৭ টাকায়। বর্তমানে এ মানের স্বর্ণের দাম ৩৪,৯৯২ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দামও ১২২৫ টাকা বেড়েছে। এ মানের স্বর্ণ শনিবার থেকে ২৩,৯১১ টাকার পরিবর্তে ২৫,১৩৬ টাকায় বিক্রি হবে।
স্বর্ণের পাশাপাশি রুপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। প্রতি ভরি রুপার দাম ৯৯১ টাকা থেকে বেড়ে হয়েছে ১০৫০ টাকা।
প্রচলিত মানদণ্ড অনুযায়ী, প্রতিভরি ২২ ক্যারেটে ৯১.৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭.৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।
পুরনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির সোনা। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা পাওয়া যাবে সে বিষয়ে কোনো মানদণ্ড নেই।
এমএম





