শেরপুর পৌরসভার ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ৬৬ কোটি ৬৮ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার শেরপুর পৌর টাউন হল অডিটরিয়ামে শহর উন্নয়ন সমন্বয় কমিটি ও সাংবাদিকদের উপস্থিতিতে পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে আয় হিসেবে রাজস্ব খাতে ১০ কোটি ৪১ লাখ টাকা এবং বার্ষিক সরকারি মঞ্জুরি ও ইউজিপ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৫৬ কোটি ২৭ লাখ টাকা সম্ভাব্য আয় ধরা হয়েছে। ব্যয়ের খাতে ৯ কোটি ৩২ লাখ টাকা রাজস্ব ব্যয় এবং অবকাঠামো নির্মাণ ও নগর উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ৫৩ কোটি ৮৯ লাখ টাকাসহ সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬৩ কোটি ২১ লাখ টাকা।

এসব উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে রয়েছে আধুনিক অডিটরিয়াম নির্মাণ, রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন এবং  বাস টার্মিনাল উন্নয়ন। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে তিন কোটি ৪৬ লাখ ৫৪ হাজার টাকা। এ সময় একইসঙ্গে ২০১৩-২০১৪ অর্থ বছরের জন্য ১৬ কোটি সাত লাখ টাকার সম্পূরক বাজেটও উপস্থাপন করা হয়।    

বাজেট ঘোষণা উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, কাউন্সিলরবৃন্দ, নির্বাহী প্রকৌশলী মো. মুখলেছুর রহমান, সচিব বজলুল করিম বাপ্পী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম আধার প্রমুখ উপস্থিত ছিলেন ।

ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই