বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ এ আগ্রহের কথা জানান।
তিনি বলেন, ‘সংকট সমাধানে দুই নেত্রীর সঙ্গে দেখা করতে আমরা (ব্যবসায়ীরা) এক পায়ে খাড়া। এখন তারা যদি আমাদের সময় দেন।’
এ সময় হোসেন খালেদ জানান, চলমান রাজনৈতিক সহিংসতার কারণে পোশাক, পরিবহণ, আবাসন, কৃষিসহ ১৬টি খাতে প্রতিদিন প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। হরতাল-অবরোধের কারণে ১৬ দিনে ১৬টি খাতে মোট ক্ষতি হয়েছে ৩৬ হাজার ৪৪৫ কোটি টাকা।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপই একমাত্র পন্থা। আমাদের সুযোগ করে দিলে দুই নেত্রীর কাছে আনুষ্ঠানিক সংলাপের আহ্বান জানাব।
তিনি আরো বলেন, পৃথিবীর কোন দেশেই চাপ বা শক্তি প্রয়োগের মাধ্যমে কাঙ্খিত সমাধান অর্জন সম্ভব হয়নি। এ জন্য আমাদের বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে অবিলম্বে সংলাপ আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোকে মতৈক্যে পৌঁছাতে হবে।
সংবাদ সম্মেলনে দেশের সিনিয়র নাগরিক, ব্যবসায়ী, গণমাধ্যম প্রতিনিধি ও শিক্ষাবিদসহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি ‘সিটিজেন কাউন্সিল’গঠনেরও সুপারিশ করা হয়। এ ছাড়া রপ্তানিমুখী শিল্পকে হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার আহ্বানও জানান ডিসিসিআই সভাপতি।
ডিসিসিআই-র সিনিয়র সহ-সভাপতি হুমায়ন রশিদ ও সহ-সভাপতি মো. সোয়েব চৌধুরীসহ সংগঠনটির পরিচালকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এমকে





