জমি, গ্যাস, বিদ্যুৎ, অবকাঠামোগত সমস্যা, আইনের জটিলতা ও দুর্বল মনিটরিং ব্যবস্থার কারণে সরকারি-বেসরকারি অংশীদারিত্বতে (পিপিপি) বিনিয়োগ বাড়ছে না বলে মনে করেন ব্যবসায়ীরা। একই সঙ্গে প্রজেক্টভিত্তিক কার্যকর পরিকল্পনা না থাকায় স্থানীয় ব্যবসায়ীদের অংশীদারিত্বের নিশ্চয়তা কম। তাই শিগগিরই পিপিপি নীতিমালা পাশ হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা।
শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে ‘পিপিপি ইন বাংলাদেশ’ বিষয়ে এক গোলটেবিল আলোচনা সভায় ব্যবসায়ীরা এ কথা বলেন।
বক্তারা বলেন, অন্যান্য দেশে পিপিপির প্রসারতা থাকলেও নানা কারণে বাংলাদেশে এতে বিনিয়োগ বাড়ছে না। আবার ব্যবসায়ীরা বিভিন্ন ঝুঁকির কথা চিন্তা করে পিপিপিতে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন না। তারা বলছেন, অবকাঠামোগত সমস্যার পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধান হচ্ছে না।
আবার সরকার এই খাতে ব্যবসায়ীদের বিনিয়োগে আগ্রহী করার চেষ্টা করলেও প্রকল্পভিত্তিক কার্যকরি পরিকল্পনা ও বিশ্বাসের অভাবের কারণে উভয়ের মধ্যে দূরত্ব থেকেই যাচ্ছে।
স্থানীয় পর্যায়ে ব্যবসায়ীদের বিনিয়োগের নিশ্চয়তা কম থাকাও বিনিয়োগ না  বাড়ার কারণ। তাতে সরকার ও দেশি-বিদেশি ব্যবসায়ীদের মাঝে সমন্বয়হীনতা বেশি হচ্ছে।
সেই সঙ্গে কর প্রদান জটিলতা ও প্রকল্প প্রক্রিয়াগত সময় বেশি লাগার কারণে আরও সমস্যা হচ্ছে বলে মনে করেন তারা।  
তবে ব্যবসায়ীদের এ সমস্যার সমাধানে সব ধরনের সহযোগিতায় সরকার প্রস্তুত বলে আশ্বাস দেন আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘পিপিপিতে বিনিয়োগ বাড়াতে সরকার ব্যবসায়ীদের সহায়তা দিতে প্রস্তুত।
এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করছে সরকার। যেখানে ব্যবসায়ীরা শিল্প কারখানা গড়ে তুলতে পারবেন।’ দেশের বেসরকারি খাত উন্নত হলে বিদেশিরা এখানে বিনিয়োগে আরও আগ্রহী হবেন বলেন মনে করেন তিনি।
আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের জমি, গ্যাস ও বিদ্যুতের সমস্যা রয়েছে। তবে শিল্পায়নের জন্য সরকার বিষয়গুলো নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। পিপিপি বাস্তবায়নের জন্য সরকার চেষ্টা করছে।’
অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি বলেন, ‘বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পিপিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে এই খাতের উন্নয়নের জন্য আগে সংসদে পিপিপি আইন পাশ হওয়া দরকার।’ এছাড়া বেসরকারি খাতের বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ, বিনিয়োগের নিশ্চয়তা ও বিনিয়োগ জটিলতা দূর করার পরামর্শ দেন তিনি।
ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব আবুল কালাম আজাদ, বিজনেস ইসিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) সভাপতি আসিফ ইব্রাহিম, পিপিপির প্রধান নির্বাহী সায়ীদ এ এইচ উদ্দীন, এফবিসিসিইআইয়ের পরিচালক মনজুর আহমেদসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]