ক্রেতা বা সরবরাহকারী ঋণ এর দায় পরিশোধের আগে বিল অব এন্ট্রির সঙ্গে ইনভয়েসের সত্যতা যাচাইয়ের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া বিদেশী ঋণ বা সরবরাহকারী ঋণের প্রতিবেদন দাখিলে আরো স্পষ্টীকরণ করা হয়েছে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর কাছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
রোববার জারিকৃত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্রেতা বা সরবরাহকারী ঋণে আমদানির চার মাসের মধ্যে বিল অব এন্ট্রি বা কাস্টমস্-এর সার্টিফিকেটের সঙ্গে সংশ্লিষ্ট ইনভয়েসের সত্যতা মেলাতে হবে। সরবরাহকারী ঋণের ক্ষেত্রে বিল পরিশোধ করার পরে এ সংশ্লিষ্ট তথ্যাদি যাচাই-বাছাই করার রীতি ছিল। এক্ষেত্রে ঋণের তথ্যে অনেক অস্বচ্ছতা থেকে যেতো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংকগুলোকে আমদানির তথ্য দাখিলের সাথে সরবরাহকারী ঋণ বা অনুমোদিত বৈদেশিক ঋণের তথ্য জমা দিতে হবে। এজন্য এডি ব্যাংকগুলো ঋণগ্রহীতাকে আইএমপি ফরম সরবরাহ করবে। বিদেশি সরবরাহকারীর ঋণ পরিশোধে পরিপক্বতার তথ্য উল্লেখ করতে হবে। এডি ব্যাংকগুলো সরবরাহকারী ঋণের সুদসহ হিসাব করতে বলা হয়েছে।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর [/b]