‘সরকার শ্রীলঙ্কায় ৫০ হাজার মেট্রিকটন মোটা চাল রপ্তানি করবে’ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর এক্ষেত্রে প্রতি টন চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫০ মার্কিন ডলার।

সোমবার সচিবালয়ে খাদ্য পরিকল্পণা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী এ কথা জানান।

কামরুল ইসলাম জানান, এই চালের রপ্তানি প্রক্রিয়া ১০-১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে। বাংলাদেশি টাকায় ৩৫ টাকা কেজি দরে শ্রীলঙ্কায় চাল রপ্তানি করা হচ্ছে। এ দেশে এই চালের বাজার মূল্য ৩৩ টাকা।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে এ ধরনের প্রতিটন চাল ৪০০-৪২০ ডলারে বিক্রি হয়। কিন্তু আমাদের সরকার ৪৫০ টাকা দরে বিক্রি করছে, যা অত্যন্ত লাভজনক।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমাদের আর খাদ্য ঘাটতি নেই। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। একই সঙ্গে আমরা বিদেশে চাল রপ্তানি করছি। যা এই সরকারের একটি বড় অর্জন।’

এসময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন-অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয় চৌধুরী প্রমুখ।

ঢাকা, ২৭ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর