রাজস্ব আদায়ে বিশাল ঘাটতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের অগ্রগতি ধীর হওয়ায় বাজেটের আকার কমানো হচ্ছে। আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় কো-অর্ডিনেশন কাউন্সিলের সভায় চলতি অর্থবছরের বাজেট সংশোধন করে তা কমানো হতে পারে বলে জানা গেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ওই বৈঠকে সভাপতিত্ব করবেন।
চলতি ২০১৩-১৪ অর্থবছরে প্রাক্কলিত বাজেটের আকার ২ লাখ ২২ হাজার কোটি টাকা। রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে রাজস্ব আহরণ কমে যাওয়ায় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি কম হওয়ায় বাজেটের আকার কমিয়ে তা সংশোধন করা হচ্ছে।
জানা গেছে, বাজেটের আকার ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা কমতে পারে। প্রাথমিকভাবে বাজেটের আকার ৮ শতাংশ কমানোর চিন্তাভাবনা চলছে।
এদিকে, পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্র তৈরির উদ্যোগ নিয়েছে নতুন সরকার। এ জন্য সংশ্লিষ্টদের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিভিন্ন সরকারি সংস্থা ও আর্থিক খাতের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নতুন কৌশলপত্র চূড়ান্ত করা হবে।
জানা গেছে, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরের দিন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নতুন সরকারের অর্থনৈতিক কৌশলপত্র তৈরির নির্দেশ দেন অর্থমন্ত্রী।
কৌশলপত্র তৈরির বিভিন্ন দিক নিয়ে আলাদা বৈঠক করেন তিনি। বৈঠকে সবার সঙ্গে আলোচনা করে এটি চূড়ান্ত করার পরামর্শ দেন তিনি।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশোধিত বাজেটে প্রবৃদ্ধি আগের চেয়ে কমিয়ে ৬ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করা হতে পারে। তবে বাজেট ঘাটতি ও ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা একই রাখা হচ্ছে। বাজেট ঘোষণায় জিডিপির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ এবং বাজেট ঘাটতি ৪ দশমিক ৮ শতাংশ নিয়ন্ত্রণে রাখার কথা বলা হয়েছিল।
জানা গেছে, অর্থবছরের প্রথমার্ধে রাজস্ব আদায়ে বিশাল ঘাটতি হওয়ার পরিপ্রেক্ষিতে রাজস্ব লক্ষ্যমাত্রা ১১ হাজার কোটি টাকা কমিয়ে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা করার প্রস্তাব দিয়েছে এনবিআর।
চলতি অর্থবছরে ১ লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া এনবিআর বহির্ভূত খাতেও লক্ষ্যমাত্রা কমানো হচ্ছে।
অন্যদিকে, পদ্মা সেতুসহ কিছু বড় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি কম হওয়ায় অর্থবছরের প্রথমার্ধে এডিপিতে বরাদ্দের টাকা আশানুরূপ খরচ হয়নি। ফলে এবার এডিপিতে বড় ধরনের কাটছাঁট করতে হচ্ছে সরকারকে।
জানা গেছে, এডিপির আকার প্রায় ১০ হাজার কোটি টাকা কমাতে চায় অর্থ মন্ত্রণালয়। তবে পরিকল্পনামন্ত্রী চাইছেন, বরাদ্দের প্রায় ৬ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি ৬০ হাজার কোটি টাকা করা হোক।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]