নারী শ্রমিকরা তার স্বামী, নিকটাত্মীয়, ভাই ও সন্তান নিয়ে সৌদি আরব যেতে পারবেন। এমনটাই বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের নুরজাহান বেগমের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
সংসদে নুরজাহান বেগম বলেন, নারী শ্রমিকরা বিদেশ থেকে দেশে আসার পর তার সংসার ভাঙছে, স্বামী অন্য আর একটি বিয়ে করে সংসার করছে। এই অবস্থার পরিবর্তনের জন্য নারী শ্রমিকের সঙ্গে তার স্বামীকেও একই দেশে পাঠিয়ে নারী শ্রমিকের গৃহকর্মের পাশাপাশি স্বামীকে মালির কাজ দেয়া যায় কি না? জবাবে মন্ত্রী বলেন, শুধুমাত্র সৌদি আরবে নারী শ্রমিক তার স্বামী, সন্তান ও ভাইকে নিয়ে যেতে পারবে।
সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, বিএমইটির ডাটাবেজ চালুর পর সার্ভারের তথ্যানুযায়ী ২০০৪ সালের ১৫ জুন হতে ২০১৬ সালের ১৮ এপ্রিল পর্যন্ত মোট ৪ লাখ ৭৮ হাজার ৬২৩ জন বাংলাদেশী নারী শ্রমিক বিএমইটির ছাড়পত্র নিয়ে ৬৮টি দেশে গমন করেছেন।
এমআইএস





