[b]ঢাকা: [/b]দুবাইয়ে প্রতি ২৩টি পরিবারের মধ্যে একজন করে মিলিয়নেয়ার রয়েছেন, যাদের সম্পদের পরিমাণ ১০ লাখ মার্কিন ডলারের (৩৬ লাখ ৭০ হাজার দিরহাম) বেশি। সম্পত্তিবিষয়ক গবেষণাধর্মী প্রতিষ্ঠান নিউ ওয়ার্ল্ড ওয়েলথ প্রকাশিত এক জরিপ প্রতিবেদনে এ চিত্র উঠে আসে।
‘ওয়ার্ল্ড সিটিজ ২০১৩ র্যাকিংস’ নামক এ জরিপ প্রতিবেদনে অধিকসংখ্যক মিলিয়নেয়ারের বসবাস রয়েছে এমন শীর্ষ ৩০টি শহরের নাম প্রকাশ করা হয়েছে। এ তালিকায় দুবাই উঠে আসতে না পারলেও মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান দ্বিতীয়। তালিকায় মধ্যপ্রাচ্যের অন্য কোনো শহর নেই।
গেল বছর দুবাইয়ে সম্পত্তির দাম বেড়েছে গড়ে এক-তৃতীয়াংশ। ফলে এ সময়ে এখানে মিলিয়নেয়ারের সংখ্যা বেড়েছে অস্বাভাবিকভাবে। এর পরও তালিকায় উঠে আসতে পারেনি শহরটি। বর্তমানে দুবাইয়ের মোট মিলিয়নেয়ারের সংখ্যা হলো ২৬ হাজার। অন্যদিকে মধ্যপ্রাচ্যের শহরগুলোর মধ্যে মিলিয়নেয়ারের সংখ্যার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে ইস্তানবুল। শহরটিতে ৩৫ হাজার মিলিয়নেয়ারের বাস।
পুরো বিশ্বে মিলিয়নেয়ারের সংখ্যার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে লন্ডন। শহরটিতে সব মিলিয়ে ৩ লাখ ৩৯ হাজার মিলিয়নেয়ারের বাস। এরপরই রয়েছে নিউইয়র্ক (৩ লাখ ১০০ জন) ও টোকিও (২ লাখ ২৬ হাজার ৫০০ জন)।
অন্যদিকে মিলিয়নেয়ারের ঘনত্বের (মোট জনসংখ্যার অনুপাতে মিলিয়নেয়ার) দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে সুইজারল্যান্ডের জেনেভা। শহরটিতে মিলিয়নেয়ারের ঘনত্ব হলো ৫ দশমিক ৯ শতাংশ। তবে এখানে মাত্র ৭৯ হাজার ৩০০ মিলিয়নেয়ারের বাস। দ্বিতীয় অবস্থানে আছে সুইজারল্যান্ডের জুরিখ। শহরটিতে মিলিয়নেয়ারের ঘনত্ব হলো মোট জনসংখ্যার ৪ দশমিক ৬ শতাংশ। মোট জনসংখ্যার ৪ দশমিক ৫ শতাংশ মিলিয়নেয়ার নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর।
শীর্ষ ৩০ মিলিয়নেয়ারসমৃদ্ধ শহরের তালিকায় সবচেয়ে বেশি শহর আছে যুক্তরাষ্ট্রে। দেশটির মোট সাতটি শহর উঠে এসেছে এ তালিকায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি (তিনটি)। তালিকায় এরপর রয়েছে চীন, জাপান ও সুইজারল্যান্ড (দুটি করে)।
শীর্ষ ৩০টি শহরের মধ্যে ১২টি শহর হলো এশিয়ার, ১০টি আমেরিকার ও আটটি ইউরোপের। তবে এতে মধ্যপ্রাচ্য বা আফ্রিকান কোনো শহর নেই। অন্যদিকে শীর্ষে থাকা আফ্রিকান শহর হলো দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। যেখানে সব মিলিয়ে ২৩ হাজার মিলিয়নেয়ারের বাস। সূত্র: অ্যারাবিয়ান বিজনেস।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমআর[/b]
অর্থনীতি
দুবাইয়ে প্রতি ২৩ পরিবারে একজন মিলিয়নেয়ার
দুবাইয়ে প্রতি ২৩টি পরিবারের মধ্যে একজন করে মিলিয়নেয়ার রয়েছেন, যাদের সম্পদের পরিমাণ ১০ লাখ মার্কিন ডলারের (৩৬ লাখ ৭০ হাজার দিরহাম) বেশি। সম্পত্তিবিষয়ক গবেষণাধর্মী প্রতিষ্ঠান নিউ ওয়ার্ল্ড ওয়েলথ প্রকাশিত এক জরিপ প্রতিবেদনে এ চিত্র উঠে আসে।





