সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের পতনের পর সোমবার দেশের উভয় পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা অব্যহত রয়েছে। নেগেটিভ ট্রেডের কারণে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। তবে আগের দিনের চেয়ে টাকার অংকে লেনদেন সামান্য বেড়েছে। সোমবার পুঁজিবাজারে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪৩৫ কোটি ৮৬ লাখ ৪২ হাজার টাকা।
সোমবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্টের। এদিন এ কোম্পানির ৫৭ লাখ ৭০ হাজার ৫০০টি শেয়ার ৩৭ কোটি ৭৭ লাখ ৮২ হাজার টাকায় লেনদেন হয়েছে।
রোববার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৬৬৬ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৪৩৩ কোটি ৮৪ লাখ ৫২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে সোমবার ডিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি ১ লাখ ৯০ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১৫৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩১ কোটি ২৩ লাখ টাকা।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]