শীতকালীন সবজিতে ভরপুর রাজধানীর কাঁচাবাজার। উৎপাদন ও সরবরাহে তেমন কোনো ঘাটতিও নেই। তারপরও ক্রেতাদের জন্য কোনো সুখবর মিলছে না। বেশি দামেই শীতের সবজি কিনে বাড়ি ফিরতে হচ্ছে। বরং দাম বেড়েছে পেঁয়াজ, টমেটো, মাছ, চাল, ডালসহ একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্যের।
শুক্রবার রাজধানীর কাঁচাবাজার ঘুরে এমনই চিত্র পাওয়া গেলো। শীতের সবজি বাজারে আসার পরও দাম না কমায়, ক্রেতাদের মাঝে রয়েছে ক্ষোভ। অন্যদিকে, হরতাল আর বেচাকেনা কমের অজুহাতে বিক্রেতারা অধিক দাম হাঁকাচ্ছেন।
কচুক্ষেত কাঁচাবাজার থেকে তানভীর নাঈম বাজার করে বাড়ি ফিরছিলেন। তিনি জানান, প্রতি বছর শীতের সবজি বাজারে এলে দাম কম হয়। কিন্তু এবার তার নমুনা এখনো দেখা যায়নি।
রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, তিন থেকে ছয় টাকা বেশি দরে কেজিপ্রতি পেঁয়াজ (দেশি) ৩৫ থেকে ৪০ টাকা ও আমদানিকৃত (বিদেশী) ৪২ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ কেজিপ্রতি এলাকা ভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকা। পাঁচ থেকে ১০ টাকা বেড়ে কেজিপ্রতি মসুরের ডাল (উন্নত) বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা, সাধারণ ১০২ থেকে ১০৮ টাকা।
বিভিন্ন মশলাবাজার ঘুরে দেখা যায়, এলাকা ও পণ্যের মান ভেদে রসুন (দেশি) ৮০ থেকে ৯০ টাকা, চায়না ৭০ থেকে ৮৫ টাকা, শুকনা মরিচ (দেশি) ১৫৫ থেকে ১৮৫ টাকা, ভারত ১৫০ থেকে ১৮০ টাকা, আদা (আমদানিকৃত) ১০০ থেকে ১৩০ টাকা, হলুদ (দেশি লম্বা) ১৩৫ থেকে ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে।
কাঁচাপণ্যের মধ্যে কেজিপ্রতি আলু (লাল) ৩৮ থেকে ৪০, সাদা ২২ থেকে ২৫ টাকা, বেগুন ৩৫ থেকে ৪০ টাকা, কাঁচাপেপে ১২ থেকে ১৮ টাকা, মিষ্টিকুমড়া ১৮ থেকে ২২ টাকা, ঢেঁড়শ ২৫ থেকে ৩৫ টাকা, সিম ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৪০ থেকে ৪৫ টাকা, পটল ৩৫ থেকে ৪০ টাকা, মুলা ২০ থেকে ৩০ টাকা, টমেটো ৮০ থেকে ৯০ টাকা, করলা ৩০ থেকে ৪০ টাকা, প্রতিটি ফুলকপি ২৫ থেকে ৩০ টাকা, বাঁধাকপি ২০ থেকে ২৫ টাকা, চালকুমড়া ২০ থেকে ২৫ টাকা, লাউ ২৫ থেকে ৩৫ টাকা বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে দামের তেমন কোনো তারতম্য দেখা যায়নি। কেজিপ্রতি গরুর মাংস ২৮০ থেকে ৩০০ টাকা, খাসী ৪৫০ থেকে ৪৬০ টাকা, দেশি মুরগি ২৮০ থেকে ৩০০ টাকা, বয়লার মুরগি ১২০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
তবে কিছুটা কমেছে ডিমের দাম। বর্তমানে দেশি এক হালি মুরগির ডিম ৩৮ থেকে ৪০ টাকা, ফার্ম লাল ২৭ থেকে ৩০ টাকা, হাঁস (দেশি) ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর মাছের বাজারে কিছুটা বেশি দামে বিক্রি হতে দেখা গেলো। এক থেকে দুই কেজি রুই (দেশি) মাছ ১৮০ থেকে ২৭০ টাকা, দেড় কেজি থেকে তিন কেজি ওজনের রুই (বিদেশী) ১৭০ থেকে ২৮০ টাকা, এক থেকে দুই কেজি ওজনের কাতলা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৮০ টাকায়।
প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। এছাড়া এক থেকে দুই কেজি ওজনের পাঙ্গাস ও সিলভার কার্প যথাক্রমে ১২০ থেকে ১৭০ এবং ১৩০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়া কেজিপ্রতি ১১৫ থেকে ১৭০ ও কৈ (চাষকৃত) ১৫০ থেকে ১৮০ টাকা, চিংড়ি (ছোট) ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
আর কেজিপ্রতি সরু চাল (মিনিকেট, নাজিরশাইল) ৪৭ থেকে ৫৪ টাকা, মাঝারি (পারিজা, বিআর ২৮) ৩৭ থেকে ৪২ টাকা, মোটা (গুটি, স্বর্ণা) ৩৪ থেকে ৩৬ টাকা, বিআর ৮ ৩৩ থেকে ৩৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
জেআই





