বিদেশে বসবাসরত অনাবাসী বাংলাদেশীরা চলতি অর্থবছরের (২০১৪-১৫) প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ২৬৫ কোটি ১৪ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছে।
গত অর্থবছরের একই সময়ে অনাবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল ২২৪ কোটি ৪৭ লাখ ডলার। সেই হিসেবে আলোচ্য সময়ে রেমিটেন্স আয়ের পরিমাণ বেড়েছে ১৮ দশমিক ১২ শতাংশ।
কেন্দ্রিয় ব্যাংক সূত্র জানায়, রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে জুলাই মাসে দেশে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল ১৪৯ কোটি ১৩ লাখ ডলারের। সাধারনত ঈদের মতো বড় ঊৎসবে প্রবাসীরা তাদের স্বজনদের কাছে বেশি অর্থ পাঠিয়ে থাকে।
তবে গত আগস্ট মাসে কোন উৎসব না থাকায় রেমিটেন্সের পরিমাণ জুলাইয়ের তুলনায় কমে গেছে। এ সময়ে ১১৬ কোটি ডলারের রেমিটেন্স এসেছে।
বছরের প্রথম দুই মাসে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে আসা রেমিটেন্সের পরিমাণ ২৯ কোটি ৫৭ লাখ ডলার। এরপর অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৫৭ লাখ এবং জনতা ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৫৮ লাখ ডলার এসেছে।
ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





