‘বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা হারানোর কোনো কারণ নেই। বাজার বাজারের গতিতে চলছে। এমন কোনো ঘটনা ঘটেনি যে আস্থা হারাতে হবে।’
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাম্প্রতিক বাজার পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক শাকিল রিজভী ও শরীফ আনোয়ার হোসেন।
স্বপন কুমার বালা বলেন, বুধবার স্টক ব্রোকারদের সঙ্গে বৈঠক হয়েছে। এতে বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে। বিশেষ করে স্টক ব্রোকারদের ব্রাঞ্চ অফিস খোলা, আগামী ১৬ এপ্রিলের মধ্যে নতুন সেটেলমেন্ট সাইকেল টি-২ কার্যকরের বিষয়ে স্টক ব্রোকারদের প্রস্তুতি এবং নীতি নির্ধারকদের মধ্যে সমন্বয়ের মাধমে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে ডিএসই’র অটোমেশন কার্যক্রম শুরু হয়েছে। এজন্য ওএমএক্সের ডিজাইন স্টাডিজের কাজ চলছে। আর ইতোমধ্যে নাসডাকের ডিজাইন স্টাডিজ জমা দেওয়া আছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরের মধ্যে ডিএসইতে অটোমেশন কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
তিনি বলেন, বর্তমান অটোমেশন কার্যক্রমে কিছুটা সমস্যা আছে। তবে নতুন অটোমেশন সিস্টেমে সমস্যা থাকবে না। আর নতুন অটোমেশন কার্যক্রম ডেরিভেটিভ মার্কেট চালুর ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে।
বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, প্রত্যেকদিন দর বাড়া ভালো না। তবে ভালো কোম্পানি আনতে পারলে তা বাজারের জন্য ভালো। শেয়ার দরের ওঠানামা নির্ভর করে কোম্পানির পারফরমেন্সের উপর। দর বাড়া কমার ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের কোনো ভূমিকা নেই।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]