সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও দেশের উভয় পুঁজিবাজারে সূচক এবং লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪৫ পয়েন্ট আর লেনদেন হয়েছে ৮০৪ কোটি টাকার। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন। যা সারা দিন অব্যাহত থেকেই শেষ হয়েছে লেনদেন।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৩৩ পয়েন্টে। ডিএসইতে মোট ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৫টি, কমেছে ৯০টি আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৮০৪ কোটি ১৯ লাখ টাকার।
সাম্প্রতিক সময়ে পুঁজিবাজার পরিস্থিতি ইতিবাচক থাকায় দেশীয় বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশী বিনিয়োগও আসতে শুরু করেছে। যে কারণে টাকার অংকে লেনদেন এবং মূল্য সূচক ঊর্ধ্বমুখী রয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
আর রাজনৈতিক অস্থিরতা কমে যাওয়া এবং দীর্ঘ সময় অবমূল্যায়িত থাকার পর সাম্প্রতিক সময়ে বাজার ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র সাবেক চেয়ারম্যান এবি মির্জ্জা আজিজুল ইসলাম। তবে একটানা ঊর্ধ্বমুখী প্রবণতা চিন্তার কারণ বলে তিনি জানিয়েছেন।
অন্যদিকে  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫০৩ পয়েন্টে। সিএসইতে মোট ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৭০ কোটি ৬৯ লাখ টাকার।
গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ৩৪ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৬৯৭ কোটি ৬৭ লাখ টাকার।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]