সারাদেশে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। মেলার প্রথম দিনে বুধবার রাজস্ব বোর্ড আয়কর থেকে পেয়েছে ২০৭ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৫৫৮ টাকা। ৭৯ হাজার ১১২ জন করদাতা মেলা থেকে প্রথম দিনে সেবা গ্রহণ করেছে বলে রাজস্ব বোর্ড থেকে বুধবার রাতে তথ্য দেয়া হয়েছে।

এনবিআরের তথ্যানুযায়ী, চলতি বছর ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে সাত দিন, ৫৬টি জেলা শহরে চার দিন, তৃতীয়বারের মতো ৩৪টি উপজেলায় দুই দিন এবং ৭১টি উপজেলায় এক দিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ ধারাবাহিকতায় এখন ১৮টি জেলা ও দুটি উপজেলাসহ ২০টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।

প্রথমদিনে মেলায় গত ২০১৬ সালের ১৬ হাজার ৮৬ জন রিটার্ন দাখিল করেন। তাতে সরকার রাজস্ব পায় ১৯১ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ৮১২ টাকা। মেলায় গতবছরের চেয়ে এবার ১৯ হাজার ৮২০ জন বেশি করসেবা গ্রহণ করেছেন। 

একইভাবে ১৪ হাজার ৯৫৫টি আয়কর রিটার্ন বেশি জমা পড়েছে। যা গতবছরের চেয়ে প্রায় দ্বিগুণ।এদিকে, প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার মেলার পরিধি বৃদ্ধি করা হয়েছে। 

প্রথমবারের মতো করদাতাদের ইনকাম ট্যাক্স আইডি কার্ড বা স্মার্ট কার্ড এবং ট্যাক্সপেয়ার স্টিকার প্রদান করা হয়েছে। ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান করায় করদাতাদের সন্তোষ প্রকাশ করেছেন।মেলায় ১০টি বুথ থেকে স্মার্ট কার্ড প্রদান করা হয়।

মেলায় ১০২টি বুথ থেকে করসেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে ৩৮টি আয়কর রিটার্ন গ্রহণ বুথ, ২২টি হেল্প ডেস্ক, বৃহৎ করদাতা ইউনিটের একটি বুথ, সঞ্চয় অধিদপ্তরের একটি, কাস্টমসের একটি, মূসকের একটি, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল একটি, মুক্তিযোদ্ধা একটি বুথ, সিনিয়র সিটিজেন একটি বুথ, প্রতিবন্ধী একটি বুথ, মিডিয়া সেন্টার, মেডিক্যাল টিম একটি বুথ, ই-টিআইএন তিনটি বুথ, বিসিএস কর একাডমির একটি বুথ, আইআরডি একটি বুথ, ট্যাকসেস আপীলাত ট্রাইব্যুনাল একটি, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনাল একটি বুথ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, এটুআই, এনআইএলজি একটি, র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস্থাপনা চারটি, ই-টিআইএন চারটি, লাইভ টেলিকাস্ট একটি, কর শিক্ষণ ফোরাম একটি, নামাযের স্থান, ক্যান্টিন, ফটোকপি, ট্যাক্স আইডি কার্ড ১০টি বুথ, ই-ফাইলিং তিনটি বুথ, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক নয়টি বুথ, ই-পেমেন্ট ও কিউক্যাশ একটি।

পুরো মেলা সিসিটিভির মাধ্যমে নিরাপত্তা প্রদান করা হচ্ছে। আয়কর সংক্রান্ত সব ধরনের ফরম বিনামূল্যে প্রদান করা হবে।করদাতাদের বিনা ভাড়ায় যাতায়াত সুবিধার জন্য রাজধানীর টিএসসি, বেইলি রোড, মিরপুর-২ ও উত্তরা থেকে ১৩টি শাটল চলাচল করছে।

প্রথমবারের মতো এনবিআর ঢাকা ও চট্টগ্রামের মেলায় এ কার্ড ও স্টিকার প্রদান করা হবে। এটি এবারের এনবিআরের নতুন উদ্ভাবন।

মেলায় অনলাইন রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়া হয়। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে যেকোনো করদাতা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে রিটার্ন দাখিল করতে পারবেন।

এমএ