লেনদেনে বড় ধরনের উন্নতি হয়েছে। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬০০ কোটি টাকার ঘরে লেনদেন হলেও রোববার চলতি সপ্তাহের প্রথমদিন তা ৮০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

দিনশেষে লেনদেন হয়েছে ৮০৬ কোটি ৫৩ লাখ টাকা। লেনদেন বাড়ার এ হার ২৮ শতাংশ। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬২৯ কোটি ৮৬ লাখ টাকা। এর আগে গত ২৩ জুলাই ডিএসইতে সর্বশেষ ৮০০ কোটি টাকা লেনদেন হয়েছিল।

সংশ্লিষ্টরা জানান, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার কারণে বাজারে লেনদেনের পরিমাণ বাড়ছে।

এদিকে উত্থান পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে দিনের লেনদেন। দিনশেষে সূচকের সামান্য বৃদ্ধি হয়েছে। বৃহস্পতিবারের তুলনায় ডিএসইএক্স বেড়েছে ৯.৭১ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৮০২.০২ পয়েন্টে। বৃহস্পতিবার সূচক বেড়েছিল ১৪.৪০ পয়েন্ট।

লেনদেনে অংশ নেয়া ৩১৯টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১৪৯টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।

লেনদেনের শীর্ষে উঠে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। দিনশেষে কোম্পানিটির ২৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা খুলনা পাওয়ার কোম্পানির লেনদেন হয়েছে ২৮ কোটি ৭৮ লাখ ৩ হাজার টাকা। ২৭ কোটি ৪১ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা।

লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- ডেসকো, ফার কেমিক্যাল, শাশা ডেনিমস, গ্রামীণফোন, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টীল, অলিম্পিক এক্সেসরিজ।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ২৮.৩৭ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৯৮৭.৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

কেএইচ