চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ১৫ কোটি টাকার রাজস্ব ঘাটতির মুখোমুখি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যদিও প্রথম ছয় মাসে রাজস্বে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৫ দশমিক ২১ শতাংশ। আর চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত মোট লক্ষ্যমাত্রার প্রায় ৩৯ শতাংশ অর্জিত হয়েছে।

এনবিআরের একটি ঊর্ধ্বতন সূত্র বিষযটি নিশ্চিত করেছে।

এনবিআর সূত্র জানা যায়, চলতি বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আদায় হয়েছে ৬৮ হাজার ৮৩ কোটি টাকা। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৭৭ হাজার ৯৮ কোটি টাকা। অর্থাৎ ঘাটতি ৯ হাজার ১৫ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরে একই সময়ে আদায় হয়েছিল ৫৯ হাজার ৯৪ কোটি ৯৪ লাখ টাকা। ছয় মাসে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৫ দশমিক ২১ শতাংশে।

এর আগে জুলাই-নভেম্বর পর্যন্ত (পাঁচ মাসে) ৬২ হাজার ৭১৫ কোটি ৬০ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছিল ৫৪ হাজার ৪০৭ কোটি ৬৯ লাখ টাকা। পাঁচ মাসে ঘাটতি ছিল ৮ হাজার ৩০৭ কোটি ৯১ লাখ টাকা। প্রথম পাঁচ মাসে প্রবৃদ্ধি হয়েছিল ১৪ শতাংশ।

লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হওয়ার কারণ হিসেবে এনবিআর সূত্র বলছে, অর্থনীতির গতি অনুযায়ী অর্থবছরের শেষের অংশে রাজস্ব আদায় বেশি হয়ে থাকে। বাৎসরিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন বছরের শেষের দিকে বেশি হয়। আগের বছরগুলোতে শেষের ছয় মাসে বেশি টার্গেট ধরা হতো। বর্তমান অর্থবছরে কৌশলগত কারণে এবং কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সকল মাসে সমান টার্গেট নির্ধারণ করা হয়েছে। এনবিআরের কঠোর মনিটরিংয়ের কারণে বছর শেষে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে বলে এনবিআরের ঊর্ধ্বতনরা মনে করছেন।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রের রাজস্ব ভাণ্ডারকে সুসংহত করার লক্ষ্যে ২০১৫-১৬ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করার প্রত্যয়ে সকল অংশীজনদের সহযোগিতায় অহর্নিশ কাজ করে যাচ্ছি। এ লক্ষ্যে কর বিভাগ দেশব্যাপী মোট ৩ লাখ ২০ হাজার নতুন করদাতাকে কর নেটের আওতায় আনতে জরিপ কার্য্ক্রম শুরু করেছে।’

তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে মাঠ পর্যায়ের কর অঞ্চলসমূহ হতে কর অঞ্চল ভিত্তিক একাধিক জরিপ টিম গঠন করা হয়েছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা করদাতাবান্ধব সংস্কৃতি গড়ে তোলার জন্য দেশব্যাপী আয়কর দিবস ও আয়কর মেলাসহ বহুমুখী প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করেছি। আশা করছি চলতি অর্থবছরে নতুন করদাতা সৃষ্টিসহ আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।’

চলতি ২০১৫-১৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আহরণের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। এর মধ্যে আয়করে ৬৫ হাজার ৯৩২ কোটি, ভ্যাটে থেকে ৬৩ হাজার ৯০২ কোটি ও শুল্কে ৪৬ হাজার ৫৩৬ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এমএম