ঈদ চলে আসলেও গত তিন মাসের বেতন পাননি তোবা গ্রুপের গার্মেন্টস শ্রমিকরা। অবশেষে ঈদের আগের দিন সোমবার বেতন-বোনাসের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন তারা।
সোমবার সন্ধ্যা থেকে রাজধানীর উত্তর বাড্ডায় তোবার নিজস্ব কারখানা ভবনে শ্রমিকরা অনশন শুরু করে। তারা মে, জুন, জুলাই এই তিন মাসের বেতন, ওভার টাইম ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করছে।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের নেতৃত্বে সন্ধ্যা ৭টার দিকে তারা অনশন শুরু করে। তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছে তারা।
এদিকে শ্রমিকরা রোরবার থেকে দেলোয়ার হোসেনের শাশুড়ি লাইলী বেগমকে কারখানা ভবনে অবরুদ্ধ করে রেখেছে।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, সমস্যার সমাধান না হলে শ্রমিকেরা কারখানায়ই ঈদ করবে এবং তারা আমরণ অনশন চালিয়ে যাবে।
এ বিষয়ে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম জানান, তারা সরকারসহ সব জায়গায় চেষ্টা করেছেন। সমস্যা সমাধানে কারখানা ভবনের দুটি ফ্লোর বিক্রি করতে চেয়েছেন। কিন্তু কেউ কিনতে চায় না বা অনেকে কম দাম বলে। বাজার দরের মাত্র ২০ থেকে ৩০ শতাংশ দাম দিতে চায়।
তোবা গ্রুপের তোবা টেক্সটাইল, তোবা ফ্যাশনস, বুকশান গার্মেন্টস, তায়েব ডিজাইন ও মিতা ডিজাইন এই পাঁচ কারখানায় কাজ করেন প্রায় তিন হাজার শ্রমিক। বেতন-ভাতার দাবিতে গত বুধবার তোবার সহস্রাধিক শ্রমিক বিজিএমইএ ভবন বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ করে রাখে। আর সোমবার থেকে তারা আমরণ অনশন শুরু করে।
প্রসঙ্গত, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের প্রতিষ্ঠান তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় করা মামলায় জামিন নিতে গেলে আদালত গত ৯ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেনকে কারাগারে পাঠান। তাঁর স্ত্রী তোবার চেয়ারম্যান মাহমুদা আক্তারকেও কারাগারে পাঠানো হয়। তবে পরে জামিনে মুক্তি পান তিনি।
ঢাকা, ২৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





