তোবা গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতার দাবিতে চলমান আন্দোলনের বিষয়টি নিয়ে পোশাক মালিকদের  সংগঠন বিজিএমইএর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন দুই মন্ত্রী।

রোববার দুপুর ১ টা থেকে বিজিএমইএ ভবনের তৃতীয় তলায় এ বৈঠক শুরু হয়েছে বলে জানান সংগঠনটির প্রধান জনসংযোগ কর্মকর্তা নাহিদা সুলতানা। বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌমন্ত্রী শাহজাহান খান ও বিজিএমইএ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান কচি উপস্থিত আছেন।

উল্লেখ্য, রাজধানীর উত্তর বাড্ডায় তোবার নিজস্ব কারখানা ভবনে ঈদের আগের দিন সোমবার থেকে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে অনশন কর্মসূচি পালন করে আসছেন শ্রমিকরা । একই সঙ্গে শ্রমিকরা দেলোয়ার হোসেনের শাশুড়ি লাইলী বেগমকে কারখানা ভবনে অবরুদ্ধ করে রাখে।

৭ দিন ধরে চলা অনশনে ১০৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ৭ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঢাকা, ৩ জুলাই, টাইমনিউজবিডি.কম/একে