মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেল ও টেলিটকের কাছে সরকারের পাওনা ১ হাজার ৮৬৫ দশমিক ৫৩ কোটি টাকা।

দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলনের লিখিত প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সংসদকে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দুইটি মোবাইল অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড (সিটিসেল) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে সরকারের পাওনা ১ হাজার ৮৬৫ দশমিক ৫৩ কোটি টাকা।

তিনি জানান, সিটিসেলের কাছে টু-জি লাইসেন্সের স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট ফি/নবায়ন ফি বাবদ ২২৯ কোটি টাকা, লাইসেন্স ফি বাবদ ৫ কোটি টাকা, স্পেকট্রাম চার্জ বাবদ ১৯ দশমিক ৭৫ কোটি টাকা, রেভিনিউ শেয়ারিং বাবদ ১৯ দশমিক ২০ কোটি টাকা ও এসওএফ’র চাঁদা বাবদ ৭ দশমিক ৪৫ কোটি টাকাসহ মোট ২৮০ দশমিক ৪০ কোটি টাকা বকেয়া রয়েছে। আর টেলিটকের কাছে থ্রি-জি লাইসেন্সের স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট ফি/নবায়ন ফি বাবদ ১৫৮৫ দশমিক ১৫ কোটি টাকা বকেয়া রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বকেয়া রাজস্ব আদায়ের জন্য সিটিসিলের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়েরের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পাশাপাশি অন্য অপারেটর টেলিটকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

অন্য মোবাইল অপারেটরের কাছে পাওনা নেই বলেও জানান প্রতিমন্ত্রী।

এমআর