[b]ঢাকা:[/b] ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। যেসব পণ্যের অনুকূলে বিএসটিআই এর মানসনদ ভারতীয় জাতীয় মান নির্ধারনী সংস্থা এনএবিএল ও এনএবিসিবি এর অ্যাক্রেডিটেশন অর্জন করেছে, বাংলাদেশি উদ্যোক্তারা সেগুলো সহজেই ভারতে রপ্তানির সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ এর সাথে বৈঠককালে শিল্পমন্ত্রী এ আশা প্রকাশ করেন। শিল্প মন্ত্রণালয়ে আজ বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহসহ শিল্প মন্ত্রণালয় ও ভারতীয় হাই কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে শিল্পখাতে দ্বিপাক্ষিক সহায়তার বিষয়ে আলোচনা হয়। এ সময় সরকারের শিল্পনীতি, বিএসটিআই’র আধুনিকায়ন, দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দুরীকরণ, তথ্য-প্রযুক্তিখাতের সহায়তাসহ অন্যান্য বিষয়ে আলোচনায় স্থান পায়।
শিল্পমন্ত্রী বলেন, স্বনির্ভর শিল্পখাত গড়ে তুলতে বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, দেশের শিল্পখাতের উন্নয়নে ভারতের সাথে ইস্যুভিত্তিক আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। শিল্পখাতে দ্বিপাক্ষিক সহায়তার ক্ষেত্র চিহ্নিত করতে বাংলাদেশ অগ্রাধিকার তালিকা প্রণয়ন করবে। বিএসটিআই এর আধুনিকায়ন ও আইসিটিখাতে ভারতের সহায়তার প্রস্তাবকে তিনি স্বাগত জানান।
বৈঠকে ভারতীয় হাই কমিশনার বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ও এসএমইখাতের উন্নয়নের প্রশংসা করেন। তিনি এদেশের মেধাবী তরুন প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগাতে শক্তিশালী আইসিটি শিল্পখাত গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। আইসিটিখাতসহ বাংলাদেশের যে কোনো শিল্পখাতের উন্নয়নের ভারতের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের শিল্পখাতের গুণগত উন্নয়নের জন্য আমদানি নির্ভরতার পরিবর্তে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন শিল্পখাত জোর দেয়া প্রয়োজন। তিনি বলেন, ভারতের খ্যাতনামা শিল্প উদ্যোক্তারা বাংলাদেশে আধুনিক শিল্পখাতে বিনিয়োগে আগ্রহী। দু’দেশের চেম্বার ও ট্রেড বডির মধ্যে কার্যকর আলাপ-আলোচনার মাধ্যমে এ বিষয়ে উদ্যোগ নেয়া যেতে পারে বলে অভিমত দেন।
পরে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশন (বিপিজিএমইএ) এর নেতারা শিল্পমন্ত্রীর সাথে তাঁর দপ্তরে সাক্ষাত করেন। তাঁরা প্লাস্টিক শিল্পখাতে বিরাজমান সমস্যার সমাধানে কতিপয় প্রস্তাব তুলে ধরেন। মন্ত্রী রপ্তানিমুখী দেশিয় শিল্পখাত হিসেবে প্লাস্টিক শিল্পের প্রসারে সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরণের সহায়তার আশ্বাস দেন।
সংগঠনের সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাবেক সভাপতি এ এস এম কামাল উদ্দিন ও মোঃ ইউসুফ আশরাফ, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
ভারতে পণ্য রপ্তানির প্রতিবন্ধকতা দূর করুন: শিল্পমন্ত্রী
ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।





