তিনটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫০৩ কোটি ৮৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪২৭ কোটি ১২ লাখ এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৭৬ কোটি ৭৪ লাখ টাকা খরচ করা হবে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে-চট্রগ্রামের বহদ্দারহাট হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্প, এর ব্যয় ২৮৯ কোটি ৪৪ লাখ টাকা। পাগলা জগন্নাথপুর-রাণীগঞ্জ আউশকান্দি মহাসড়কের কুশিয়ারা নদীর উপর সেতু নির্মাণ, ব্যয় ১২৬ কোটি ৮৭ টাকা। মংলা বন্দরের কন্টেইনার ও কারগো হ্যান্ডেলিং যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প, এর ব্যয় ৮৭ কোটি ৫৬ লাখ টাকা।

বৈঠক শেষে সাংবাদিকদের বিফ্র করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম।

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর