আগের সপ্তাহের চার কার্যদিবস নিয়ে আজ রোববার সপ্তাহের প্রথম দিনে পুঁজিবাজারের দরপতন টানা পঞ্চম দিবসে এসে ঠেকেছে। ধারাবাহিকভাবে কমছে সূচক। দেশের উভয় বাজারে অধিকাংশ কোম্পানির দরপতনের সাথে লেনদেনেও দেখা দিয়েছে খরা।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৮০টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩২৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার টাকা।
গত বুধবার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৬৬ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৪৩৬ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে রবিবার ডিএসইতে লেনদেন কমেছে ১০৬ কোটি ৪১ লাখ ৮ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৬৫৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৩ কোটি ৩১ লাখ টাকা।
গত বুধবার সিএসইতে লেনদেন হয়েছিল ৩২ কোটি ৯৯ লাখ টাকা। সে হিসেবে রবিবার সিএসইতে লেনদেন কমেছে ৯ কোটি ৬৮ লাখ টাকা।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]