রাজনৈতিক অস্থিরতার কারণে জানুয়ারিতে শিল্পের নিববন্ধন কমেছে। একই সাথে কমে গেছে কর্মসংস্থান। বিনিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, নতুন বছরের জানুয়ারি মাসে মোট ১৬৫টি প্রকল্প নিবন্ধন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় কম। গেলবছর জানুয়ারিতে শিল্পে নিবন্ধন হয়েছিল ১৭৪টি প্রকল্প।
সূত্র জানায়, এর ফলে গেলবছরের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে কর্মসংস্থানের উপরও নেতিবাচক প্রভাব পড়েছে। পরিসংখ্যান মতে, গত বছর জানুয়ারিতে যেখানে ২৮ হাজার ৬৪৭ জনের কর্মসংস্থান হয়েছিল, চলতি বছরে একই সময়ে সেখানে ২৭ হাজার ৯২৬ জনের কর্মসংস্থান হয়েছে। এ সময়ে কর্মসংস্থান কমেছে ৭২১ জনের।
অন্যদিকে চলতি বছর জানুয়ারিতে শিল্পে নিবন্ধন ও কর্মসংস্থান কমলেও টাকার অঙ্কে বিনিয়োগের পরিমাণ বেড়েছে। গত বছর এই সময়ে স্থানীয় ও যৌথ মিলে ৬৫ কোটি ডলার বিনিয়োগ হয়েছিল। আর চলতি বছরের জানুয়ারিতে বিনিয়োগ হয়েছে ৬৬ কোটি ডলার। অর্থাত্ এক কোটি ডলার বেশি বিনিয়োগ হয়েছে বলে বিনিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে।
চলতি বছরের জানুয়ারিতে স্থানীয় পর্যায়ে বিনিয়োগকারীদের নিবন্ধিত প্রকল্প ছিল ১৪৯টি। আর বাকি ১৬টি ছিল যৌথ ও শতভাগ বিদেশি প্রকল্প। সব মিলিয়ে এ সময়ে প্রকল্প নিবন্ধিত হয়েছে ১৬৫টি। এছাড়া এ সময়ে স্থানীয় শিল্পে কর্মসংস্থান হয়েছে ২২ হাজার ৩৬৮ জনের। আর বাকি ৫ হাজার ৫৫৮ জনের কর্মসংস্থান হয়েছে যৌথ ও শতভাগ বিদেশি প্রকল্পে।
সংশ্লিষ্টরা মনে করছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগ পরিস্থিতি নাজুক ছিল। এতে বিনিয়োগের জন্য প্রকল্পের নিবন্ধন আশানুরূপ পাওয়া যায়নি। এমনকি অনেক বিনিয়োগকারী যোগাযোগও বিচ্ছিন্ন রেখেছিল। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]