নন-টেক্সটাইল খাতের ১০৯টি রুগ্ন শিল্পের তহবিল ব্যয় (কস্ট অব ফান্ড) মওকুফের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ‘বাংলাদেশ রুগ্নশিল্প মালিক ঐক্য ফোরাম।’ রোববার সচিবালয়ে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বৈঠকে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
এ সময় এফএইচ চৌধুরী সাংবাদিকদের বলেন, সার্বিকভাবে রুগ্নশিল্পগুলোর সমস্যা সমাধানে গঠিত টাস্কফোর্স যে সুপারিশ দিয়েছিল, সেই সুপারিশের আলোকে ২৭৯টি পোশাকশিল্প ও ৬৯টি বস্ত্রশিল্প কস্ট অব ফান্ড শতভাগ শিথিলের সুবিধা পেয়েছে। টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী নন-টেক্সটাইল খাতের ১০৯টি রুগ্নশিল্পও এ সুবিধা প্রাপ্য। কিন্ত এটা পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না এবং ব্যাংকগুলোও তা মানছে না।
তিনি বলেন, সুদের হার পুরোটাই আমরা বহন করতে রাজি আছি, এতে সরকারের প্রায় ২২৫ কোটি টাকা সাশ্রয় হবে। কিন্ত কস্ট অব ফান্ড শিথিল না করলে আমাদের পক্ষে ঋণমুক্ত হওয়া সম্ভব নয়।
এ সময় অর্থ প্রতিমন্ত্রী বলেন, রুগ্নশিল্পগুলোর এ সমস্যা- হোক সেটা তাদের ব্যথা কিংবা আমাদের; সরকার এটা কোনোভাবেই আর ঝুলিয়ে রাখতে চায় না। খুব শিগগিরই এটি সুরাহা করা হবে। অর্থমন্ত্রী এখন দেশের বাইরে রয়েছেন। তিনি ফিরে এলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ১০৯টি নন-টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানের বিপরীতে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ২৩ কোটি ৩৩ লাখ টাকা। বর্তমানে এদের কাছে ব্যাংকগুলোর মোট পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ২৮৩ কোটি ২১ লাখ টাকা।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]